
সকাল থেকেই গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পানিতে ভিজে আছে পাড়াগাঁয়ের আঁকাবাঁকা মেঠো পথ-প্রান্তর। বৃষ্টি থেমে গেলেও ফোটাগুলো মুক্তোদানার মতো ঝলমল করছে ফসলি খেতের আলের দুর্বাঘাস ও তৃণলতার ওপর। পুব আকাশে তখনো দেখা নেই সোনালি রোদের। গ্রামের মেঠো পথ ধরে হাঁটার সময় পরিত্যক্ত ধানখেতে দেখা মিলল একদল বকের। পাশেই ছিল দুটো শামুকখোল পাখি।
দূর থেকে একটু কাছে যেতেই সাঁইসাঁই করে উড়ে গেল বকের দল। সঙ্গে শামুকখোলগুলোও। সম্প্রতি এমন দৃশ্যের দেখা মিলল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের উত্তর সাটিহারি গ্রামে। এ দৃশ্য দেখে যে কারওরই মনে হবে—এ যেন বক-শামুকখোলের মিতালি।
স্থানীয়রা বলছেন, বকের মতো দেখতে বড় পাখিগুলো সম্প্রতি হুটহাট এই অঞ্চলে দেখা মিলছে। তবে শামুকখোলকে স্থানীয়দের কেউ কেউ অতিথি পাখি, আবার অনেকে বুড়ো বক হিসেবেই জানেন।
স্থানীয়রা জানান, একটা সময়ে উপজেলার ছোট-বড় জলাভূমিগুলোতে শামুকখোলের অহরহ দেখা মিলত। তবে প্রকৃতিগত কারণে এখন আর খুব বেশি চোখে পড়ে না শামুকখোলের। একটা সময়ের পর আর হয়তো দেখাই মিলবে না বিলুপ্তপ্রায় শামুকখোলের।
এ সময় কথা হয় স্থানীয় বাসিন্দা হাসানুল হক তারিফের সঙ্গে। তারিফ বলেন, ‘সারা বছর এগুলোর তেমন দেখা মেলে না। তবে বর্ষা মৌসুমে মাঝেমধ্যে পরিত্যক্ত খেত-খামারে এগুলো চোখে পড়ে। যে কারণে আমরা এগুলোকে অতিথি পাখি হিসেবেই জানি।’
মাইজবাগ ইউনিয়নের উত্তর সাটিহারি গ্রামের ষাটোর্ধ্ব বাসিন্দা মো. আক্কাছ আলী বলেন, কয়েক বছর আগেও পাখিগুলোর খুবই বিচরণ ছিল। কিন্তু, একদিকে পাখি শিকারিদের কবলে পড়ে, অন্যদিকে পরিবেশ অনুকূলে না থাকার কারণে আস্তে আস্তে পাখিটি বিলুপ্ত হয়ে যাচ্ছে।
‘আমরা তো জানতাম এগুলো বকপাখি। বকগুলো যখন বুড়ো হয়, তখন এ রকম হয়।’ যুক্ত করেন আক্কাছ আলী।
আরেক বাসিন্দা মো. ফারুক মিয়া বলেন, ‘গত কয়েক দিন যাবৎ দেখছি এই পাখিগুলো খাবারের খোঁজে সকাল-বিকেল এখানে আসে। তবে পাখিগুলোর নাম জানি না।’
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহাবুবুল আলম বলেন, বাংলাদেশে প্রকৃতিগত কারণেই অনেক পাখি বিলুপ্তির তালিকায় রয়েছে। এর মধ্যে রয়েছে শামুকখোলও। শামুকখোল দেখতে অনেকটা বক পাখির মতো হলেও এর ঠোঁট লম্বা ও ভারী। গায়ের রং ধূসর ও সাদা। প্রত্যন্ত অঞ্চলসহ বিভিন্ন জলাভূমিতে লম্বা ঠোঁট দিয়ে শামুকসহ অন্যান্য খাবার খুঁজে বেড়ায় এরা।
তিনি আরও বলেন, শামুক ছাড়াও ঝিনুক, মাছ, কাঁকড়া, ছোট জলচর প্রাণী, ব্যাঙ শামুকখোলের পছন্দের খাবার। বাংলাদেশের আবাসিক এই পাখি বর্তমানে বন্যপ্রাণী আইনে সংরক্ষিত পাখির তালিকায় রয়েছে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৫ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে