Ajker Patrika

ছেলেকে বেঁধে মাকে ধর্ষণের অভিযোগ: ৫ আসামির বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি 
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ২৯
ছেলেকে বেঁধে মাকে ধর্ষণের অভিযোগ: ৫ আসামির বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ
গফরগাঁওয়ে ধর্ষণের অভিযোগে অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধ এলাকাবাসী। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে ছেলেকে গাছের সঙ্গে বেঁধে রেখে মাকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে পাঁচ আসামির বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। গতকাল মঙ্গলবার উপজেলার চরআলগী ইউনিয়নের চর কালীবাড়ি এলাকায় অভিযুক্ত পাঁচ যুবকের বসতবাড়িতে দফায় দফায় এই হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ১৭ সেপ্টেম্বর রাত ৯টার দিকে চর কালীবাড়ি এলাকার এক প্রবাসীর বাড়িতে প্রবেশ করে অভিযুক্ত শরীফ (২৩), আরিফ (২১), ফাহিম (২২), রাজিব (২৩) ও এনামুল (২২)। বাড়িতে ঢুকেই প্রবাসীর ১৬ বছর বয়সী ছেলেকে অস্ত্রের মুখে ধরে উঠানের একটি গাছের সঙ্গে বেঁধে ফেলেন তাঁরা।

এরপর তাঁরা ঘরে ঢুকে অস্ত্রের মুখে গৃহবধূকে জিম্মি করে আলমারিতে থাকা নগদ ৫ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটপাট করে। পরবর্তীকালে ছেলেকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। এ সময় অভিযুক্ত রাজিব পুরো ঘটনার ভিডিও ধারণ করে এবং তিন দিনের মধ্যে আরও ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে এবং বিষয়টি পুলিশকে জানালে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পালিয়ে যায় তাঁরা।

ঘটনার পর নির্যাতিতা পরিবারের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন এবং গফরগাঁও থানা-পুলিশকে খবর দেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে রাজিব নামের এক আসামিকে গ্রেপ্তার করে।

গফরগাঁওয়ে ধর্ষণের অভিযোগে অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধ এলাকাবাসী। ছবি: সংগৃহীত
গফরগাঁওয়ে ধর্ষণের অভিযোগে অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধ এলাকাবাসী। ছবি: সংগৃহীত

এদিকে ঘটনাটি জানাজানি হলে মঙ্গলবার সকালে বিক্ষুব্ধ এলাকাবাসী প্রথমে দুই আসামির বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। পরে বিকেলে ক্ষোভের আগুনে বাকি তিন আসামির বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বসতঘরগুলো সম্পূর্ণ ভস্মীভূত হয়।

চর কালীবাড়ির বাসিন্দা নুরুল ইসলাম বলেন, ‘এই ন্যক্কারজনক ঘটনার পর স্থানীয়রা মঙ্গলবার দুপুরে শরীফ ও আরিফ এবং পরে বিকেলে ফাহিম, রাজিব ও এনামুলের বাড়িতে হামলা করে আগুন জ্বালিয়ে দেয়। হামলার আশঙ্কা বুঝতে পেরে অভিযুক্তদের পরিবারের সদস্যরা মূল্যবান জিনিসপত্র নিয়ে সরে পড়েন।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান শেখ জানান, এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। বর্তমানে পুলিশ এলাকায় অবস্থান করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। এ ঘটনায় সম্পৃক্ত বাকি পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে।

এদিকে মঙ্গলবার বিকেলে চর কালীবাড়ি সড়কে ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী। এতে উপজেলা কৃষক দলের সভাপতি মো. আব্দুল কাইয়ুম, বিএনপি নেতা হাফিজ আল আসাদ, জিল্লুর রহমান মাস্টার ও স্বেচ্ছাসেবক দল নেতা আবু সায়েমসহ স্থানীয়রা বক্তব্য দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত