Ajker Patrika

খাবারের লোভ দেখিয়ে কিশোরীকে অপহরণচেষ্টা, দুই ব্যক্তি আটক

মুন্সিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৬ জুলাই ২০২৬, ১৯: ২৬
খাবারের লোভ দেখিয়ে কিশোরীকে অপহরণচেষ্টা, দুই ব্যক্তি আটক
অপহরণচেষ্টাকারী আব্দুল জব্বার ও মুক্তার হোসেন। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের সিরাজদিখানে আলজিয়া আক্তার মিম (১৪) নামের এক কিশোরীকে খাবারের লোভ দেখিয়ে অটোরিকশায় তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আজ রোববার বেলা সোয়া ১টার দিকে উপজেলার শেখরনগর কালীমন্দিরসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন ঢাকার মাতুয়াইল এলাকার আব্দুস সাত্তারের ছেলে আব্দুল জব্বার (৪৪) ও ঢাকার নবাবগঞ্জ উপজেলার গালিমপুর (শাহাবাদ) এলাকার সালাউদ্দিনের ছেলে অটোরিকশাচালক মুক্তার হোসেন (৫০)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আলজিয়া আক্তার মিমকে খাবারের লোভ দেখিয়ে একটি অটোরিকশায় তুলে বাড়ৈখালীর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন আব্দুল জব্বার ও চালক মুক্তার হোসেন। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের সন্দেহজনক মনে হলে তাঁরা হাতেনাতে দুজনকে ধরে ফেলেন।

পরে আটক দুই ব্যক্তিকে শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রে সোপর্দ করা হয়।

শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. আক্কাস বলেন, আটক ব্যক্তিদের বর্তমানে পুলিশের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাটি খতিয়ে দেখে সত্যতা যাচাই সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত