
মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদে টমটমসহ পড়ে প্রিতম এরিক (পিতু) নামের এক চালক নিখোঁজ হয়েছেন। আজ রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কমলগঞ্জ পৌরসভার দক্ষিণ কুমড়াকাপন এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নদে থেকে ভাসমান টমটমটি উদ্ধার করলেও নিখোঁজ চালকের সন্ধান পাননি। তাঁর সন্ধানে উদ্ধার অভিযান চলছে। মৌলভীবাজারে ডুবুরি দল না থাকায় সিলেট থেকে ডুবুরি দল ঘটনাস্থলে আসছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
নিখোঁজ প্রিতম কমলগঞ্জ উপজেলার দক্ষিণ বালিগাঁও বটতলা এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার টমাস এরিকের ছেলে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ রোববার সকালে স্থানীয় এক যাত্রীকে নিয়ে প্রিতম এরিক কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। পরে ফেরার পথে দক্ষিণ কুমড়াকাপন এলাকায় ধলাই নদের পাড়ে টমটমটি ঘোরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি নদে পড়ে যায়। এ সময় টমটমসহ পানিতে তলিয়ে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, নদে পড়ে যাওয়ার পর প্রিতম স্থানীয়দের সহযোগিতার জন্য আর্তচিৎকার করেন। খবর পেয়ে কয়েকজন স্থানীয় বাসিন্দা দ্রুত নদে নেমে তাঁকে উদ্ধারের চেষ্টা করেন। তবে তাঁদের চোখের সামনেই তিনি পানিতে তলিয়ে যান। এরপর স্থানীয়রাও নদে নেমে বিভিন্নভাবে তাঁর সন্ধানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে নদে থাকা টমটমটি উদ্ধার করা সম্ভব হলেও চালকের সন্ধান পাওয়া যায়নি।
কমলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইউনিট লিডার ফারুক আহমদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে টমটমটি উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে। আমাদের মৌলভীবাজারে ডুবুরি দল নেই। তাই সিলেট থেকে ডুবুরি দল আসছে। তারা ঘটনাস্থলে পৌঁছালে উদ্ধার অভিযান আরও জোরদার করা হবে।’
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন বলেন, ‘ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থলে গেছে। নিখোঁজ ব্যক্তির সন্ধানে ডুবুরি দল আসছে।’

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সাইবার অপরাধ দমনে সাইবার সুরক্ষা আইন-২০২৬ যথেষ্ট নয়। তাই আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশোধনী প্রস্তাব মন্ত্রিসভায় পাঠানো হলেও মানুষের বাক্স্বাধীনতার বিষয়টি বিবেচনায় নিয়ে তা আরও যাচাই-বাছাইয়ের জন্য পুনরায় একটি উপকমিটিতে পাঠানো হয়েছে।
৫ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে মাদ্রাসার জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মাদ্রাসার কেয়ারটেকারসহ পাঁচজন আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের রাজারামপুর (জয়পুর) এলাকায় এ ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে
হবিগঞ্জের নবীগঞ্জে কিশোরী ধর্ষণ ও হত্যার মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিত দুজন হলেন নবীগঞ্জ উপজেলার হরিনগর গ্রামের খলিল উদ্দিন ও গোলাম হোসেন। আজ রোববার বেলা ৩টায় হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক এবং জেলা ও দায়রা জজ সৈয়দা মিনহাজ উম মুনীরা এ রায় ঘোষণা করেন।
৪২ মিনিট আগে
সুনামগঞ্জে হাওর ও ডোবা থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ইসলামপুর গ্রামসংলগ্ন ডোবা থেকে এক নারী ও শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের কুতুবপুর গ্রামসংলগ্ন হাওর থেকে একজন পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে