Ajker Patrika

নতুন ধানের শিরনিতে শরিক গ্রামের সবাই

আব্দুর রাজ্জাক, ঘিওর (মানিকগঞ্জ)
নতুন ধানের শিরনিতে শরিক গ্রামের সবাই
নতুন চালে রান্না করা ডেগভর্তি শিরনি। কার্তিকের শেষ দিন গতকাল মানিকগঞ্জের বিভিন্ন স্থানে ঐতিহ্যবাহী এই ‘গাঁওয়ালি শিন্নি’ উৎসব শুরু হয়েছে। ছবিটি ঘিওরের পশ্চিম জাবরা গ্রামের। ছবি: আজকের পত্রিকা

বিশাল ডেগে জ্বাল দেওয়া হচ্ছে দুধ। তাতে একে একে মেশানো হচ্ছে নতুন ধানের চাল ও চিনি। রান্নার আয়োজনে ব্যস্ত গ্রামের লোকজন। কেউ এনেছেন চাল, কেউ দুধ, আবার কেউ দিয়েছেন সামর্থ্য অনুযায়ী অর্থ। রান্না শেষে সেই শিরনি ভাগ করে খাবেন আশপাশের কয়েক গ্রামের বাসিন্দারা। কারও কাছে এটি রোগমুক্তির মানত, কারও কাছে পরিবারের মঙ্গল কামনা, আবার কারও কাছে পূর্বপুরুষের স্মৃতি ও শিকড়ের টান। মানিকগঞ্জ সদরের উত্তর সেওতা গ্রামে গতকাল রোববার এই দৃশ্য দেখা যায়। নতুন ধান ঘরে তোলার মৌসুমে গ্রামবাংলার এমন আয়োজনের নাম ‘গাঁওয়ালি শিন্নি’।

মানিকগঞ্জে শতাধিক স্থানে গতকাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এই আয়োজন। চলবে অগ্রহায়ণ মাসজুড়ে।

প্রাচীন লোকজ রীতির ধারা বজায় রেখে নতুন ধান ঘরে তোলার পর অগ্রহায়ণের শুরুতে মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় বসে গাঁওয়ালি শিন্নির আসর। এগুলোর মধ্যে পশ্চিম সেওতা ও কুন্দুরিয়ায় প্রায় দেড় শ বছর ধরে এই আয়োজন হয়ে আসছে। অন্যদিকে কাউটিয়া গ্রামে প্রায় দুই শ বছরের পুরোনো বটগাছের নিচে বসে ‘বটতলার গাঁওয়ালা শিন্নি’র আসর।

পশ্চিম সেওতার মোহাম্মদ আলী বলেন, ‘বালা-মুসিবত, বিপদ-আপদ ও কলেরা থেকে রক্ষা পাওয়ার আশায় বাপ-দাদারা এই আয়োজন করতেন। তাঁদের সেই রীতি আমরা ধরে রেখেছি।’

কুন্দুরিয়া গ্রামের আয়োজক মো. সিরাজুল ইসলাম জানান, প্রায় দেড় শ বছর আগে এলাকায় ডায়রিয়া ও কলেরার প্রাদুর্ভাব দেখা দিয়েছিল বলে পূর্বপুরুষদের কাছে শুনেছেন তাঁরা। অনেক মানুষের মৃত্যুর পর এক ফকিরের পরামর্শে শিরনির আয়োজন শুরু হয়।

বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু বলেন, ‘এ ধরনের আয়োজন মানুষের মধ্যে সহযোগিতা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বাড়ায়। ’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত