
মাদক কারবারে বাধা দেওয়ায় মানিকগঞ্জের ঘিওরে এক যুবককে হাতুড়িপেটা করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে নিষিদ্ধ এক ছাত্রলীগ নেতা ও তাঁর দুই ভাইয়ের বিরুদ্ধে। আজ শুক্রবার সকালে উপজেলার বড়টিয়া ইউনিয়নের হিজুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। হামলার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
নিষিদ্ধ ওই ছাত্রলীগ নেতার নাম রনি আহমেদ। তিনি বড়টিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। ইউনিয়নের হিজুলিয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রনি আহমেদ ও তাঁর দুই ভাই দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব খাটিয়ে মাদক বিক্রি করে আসছেন। এতে একই এলাকার মাসুমসহ কয়েকজন স্থানীয় বাসিন্দা বাধা দেওয়ায় তাঁদের সঙ্গে রনি ও তাঁর ভাইদের বিরোধ হয়। এর জেরে আজ সকালে রনির বাড়ির সামনে মাসুমের ওপর হামলা করা হয়।
আহত মাসুমের স্বজন ও স্থানীয় বাসিন্দারা জানান, হামলাকারীরা মাসুমকে হাতুড়ি দিয়ে পেটান। এতে তাঁর মাথা ও কোমরে গুরুতর আঘাত লাগে। পরে আশঙ্কাজনক অবস্থায় মাসুমকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা ছাত্রলীগ নেতা রনির বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, মারধরের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তাঁরা হলেন রনির বাবা আবুল হোসেন (৫০) ও মা পারুল বেগম (৪২) এবং রনির স্ত্রী ফাতেমা বেগম (১৯)। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশের তথ্য অনুযায়ী, মাসুমকে মারধরের ঘটনায় রনি আহমেদ (২৫) ও তাঁর ভাই সোহেল রানার (২৭) বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তাঁদের বাবা আবুল হোসেনও মারধরের সঙ্গে জড়িত। এ ছাড়া ১৩ বছর বয়সী এক কিশোরও ঘটনার সঙ্গে জড়িত বলে পুলিশের নথিতে রয়েছে।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মারধরের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
ওসি আরও জানান, মাসুমকে মারধর ও মাদক বিক্রির অভিযোগ এবং পরে রনির বাড়িতে ভাঙচুরের ঘটনাটিও তদন্ত করা হচ্ছে।

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নারী ও শিশুসহ চারজন নিখোঁজ হয়েছেন। শুক্রবার বিকেলে দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে এ ঘটনা ঘটে। প্রবল স্রোতের কারণে উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে।
৩ মিনিট আগে
ফেসবুকে পরিচয়। সেই পরিচয় গড়ায় প্রেমে। এরপর ভালোবাসার মানুষটিকে বিয়ে করতে সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে আসেন ২৯ বছর বয়সী এক যুবক। গত ২৫ আগস্ট বাংলাদেশে আসার ১৬ দিনের মাথায় গতকাল বৃহস্পতিবার রংপুরের পীরগঞ্জের এক তরুণীকে বিয়ে করেছেন তিনি। স্থানীয় বাসিন্দের কাছে ঘটনাটি এখন বেশ কৌতূহলের বিষয় হয়ে উঠেছে...
২৫ মিনিট আগে
পুলিশ বলছে, গ্রেপ্তার ব্যক্তিরা ওই এলাকার একটি আটতলা ভবনের ১৪টি ফ্ল্যাটে দেড় মাস ধরে ভাড়া নিয়ে অবস্থান করছিলেন। তাঁরা অনলাইন প্রতারণার একটি নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন। এ কাজে তাঁদের সহায়তা করেছে দেশীয় একটি চক্র।
২৮ মিনিট আগে
চট্টগ্রামের কর্ণফুলীর কেইপিজেডে পাহাড় থেকে নেমে আসা দুটি বন্য হাতির অবাধ বিচরণে একদিকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে, অন্যদিকে পর্যটকদের দায়িত্বজ্ঞানহীন আচরণে বেড়েছে নিরাপত্তাঝুঁকি। হাতির কাছে গিয়ে চিৎকার, ঢিল ছোড়া ও ফ্ল্যাশ দিয়ে ছবি তোলার অভিযোগে পর্যটকদের সতর্ক করেছে বন বিভাগ।
৩৩ মিনিট আগে