মানিকগঞ্জের শিবালয় উপজেলায় গ্রাম্য সালিসে অপদস্থ ও মারধরের পর নাজমা আক্তার (২৫) নামের এক তরুণীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার উত্তর কাশাদহ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নাজমা আক্তার শিবালয় মডেল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা খালেক পেয়াদার মেয়ে। তিনি স্থানীয় একটি তালা তৈরির কারখানায় কর্মরত ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নাজমার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে অভিযোগ তুলে ১৭ এপ্রিল রাতে তাঁর বাবার বাড়িতে একটি গ্রাম্য সালিসের আয়োজন করা হয়। স্থানীয় প্রভাবশালী মাতবর আজিজ খানের নেতৃত্বে অনুষ্ঠিত ওই সালিসে নাজমা ও এক যুবককে প্রকাশ্যে অপদস্থ করা হয়। একপর্যায়ে তাঁদের মারধর করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রত্যক্ষদর্শী জানান, দীর্ঘ সময় ধরে কিলঘুষি, লাথি ও লাঠি দিয়ে তাঁদের ওপর নির্যাতন চালানো হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
পরদিন সকালে নাজমা কর্মস্থলে গেলেও বিকেলে বাড়ি ফিরে আসেন। পরে সন্ধ্যার দিকে নিজ ঘরে তিনি আত্মহত্যা করেন।
নাজমার পরিবারের দাবি, সালিসের নামে প্রকাশ্যে অপমান ও শারীরিক নির্যাতনের মানসিক আঘাত সইতে না পেরে তিনি এমন চরম সিদ্ধান্ত নেন।
নাজমার মা নাসিমা বেগম বলেন, ‘সবার সামনে আমার মেয়েকে মারধর করা হয়েছে। এই অপমান সে সহ্য করতে পারেনি। আমি এর বিচার চাই।’
স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, সালিসে জড়িত ব্যক্তিরা এলাকায় প্রভাবশালী হওয়ায় অনেকেই ভয়ে মুখ খুলতে পারছেন না। ঘটনার পর সংশ্লিষ্ট কয়েকজন এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন বলেও জানা গেছে। একই সঙ্গে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগও উঠেছে।
এ বিষয়ে শিবালয় থানার পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালো বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মানিকগঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

মেট্রোরেলের নিয়ন্ত্রণ নিয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মধ্যে আবার রশি টানাটানি চলছে। মেট্রোরেল পরিষেবাকে ‘অত্যাবশ্যক পরিষেবা’ ঘোষণার জন্য মেট্রোরেল আইন, ২০১৫ সংশোধনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ডিএমটিসিএলের প্রস্তাব ঘিরে এবারের....
১ ঘণ্টা আগে
খুলনা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজারের কাছাকাছি চলে গেছে। এখানে দিন দিন ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করেছে। সরকারি হিসাবের তুলনায় আক্রান্তের সংখ্যা কয়েক গুণ। হাসপাতালগুলোতে রোগীদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ। মশকনিধন কার্যক্রম জোরদার করা হলেও কোনো কাজ হচ্ছে না।
২ ঘণ্টা আগে
রংপুরের কাউনিয়ায় কর্মহীন ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার তিস্তা সেতু সংলগ্ন নদীর পাড়ে জেলা পরিষদের উদ্যোগে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
৪ ঘণ্টা আগে
বারণই নদে মাছ মরে ভেসে ওঠার ঘটনায় তিন সদস্য তদন্ত কমিটি বারণই নদ পরিদর্শন করে ৪টি স্থান নদের পানির নমুনা সংগ্রহ করেছি। পানি ল্যাবে পরীক্ষা করে মাছ মরে ভেসে ওঠার প্রকৃত কারণ উদ্ঘাটন করা যাবে। আর বারণই নদে ৮টি স্থানে মাছের...
৪ ঘণ্টা আগে