Ajker Patrika

মাগুরায় বদ্ধ ঘরে গ্যাস জ্বালিয়ে আত্মহত্যার অভিযোগ

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ১৬: ৩৪
মাগুরায় বদ্ধ ঘরে গ্যাস জ্বালিয়ে আত্মহত্যার অভিযোগ
পরিবারের লোকজনকে ঘর থেকে বের করে দিয়ে আগুন দেন শিপলু মুন্সী। ছবি: সংগৃহীত

মাগুরা শহরের ভায়না টিটিসিপাড়া এলাকায় সিলিন্ডার গ্যাস দিয়ে ঘরে আগুন দিয়ে শিপলু মুন্সী (৪৫) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। আজ সোমবার সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। শিপলু ওই এলাকার আকবর মুন্সীর ছেলে।

পরিবারের সদস্যরা জানান, সকালে শিপলু পরিবারের সবাইকে ঘর থেকে বের করে দিয়ে ভেতর থেকে দরজায় তালা লাগিয়ে দেন। পরে ঘরের ভেতরে গ্যাস সিলিন্ডারের সংযোগ খুলে আগুন ধরিয়ে দেন। এ সময় পরিবারের সদস্যরা বাইরে থেকে চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন।

স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ঘরের ভেতর থেকে শিপলুর মরদেহ উদ্ধার করেন।

নিহত শিপলুর ছেলে পাভেল জানান, গতকাল রোববার রাতে হঠাৎ করে তাঁর বাবা পরিবারের সবাইকে ঘর থেকে বের হয়ে যেতে বলেন। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। পরে আজ সকালে আবারও সবাইকে ঘর থেকে বের করে দিয়ে ঘরে তালা লাগিয়ে দেন। কিছুক্ষণ পর ঘরের ভেতর থেকে আগুন দেখা যায়।

পাভেল আরও জানান, তাঁর বাবা আগে থেকেই মানসিক সমস্যায় ভুগছিলেন। ঘটনার দিন সকালে কাজে যাওয়ার কথা বললে তিনি জানান, তিনি আর কাজে যাবেন না।

স্থানীয়রা জানান, ঘটনার আগের রাতেও পরিবারের সদস্যদের সঙ্গে শিপলুর ঝামেলা হয়েছিল। সকালে স্ত্রীকে ঘর থেকে বের করে দেওয়া হলে তিনি চিকিৎসার জন্য মাগুরা সদর হাসপাতালে যান। পরে হাসপাতাল থেকে ফিরে এসে ঘরে আগুন দেখতে পান। আগুনে ঘরের আসবাবসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

মাগুরা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ জানান, সকাল ৯টা ৫৫ মিনিটে টিটিসিপাড়া এলাকা থেকে আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে ঘরের ভেতর থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত