
কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক ছাত্রদল নেতা। আজ রোববার (১৮ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবীর মাধ্যমে এই মামলা করা হয়।
মামলার বাদীর নাম সোলাইমান চৌধুরী শিহাব। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং তাঁর বাড়ি গাজীপুর জেলায়।
সোলাইমানের আইনজীবী ছিলেন কুষ্টিয়া আদালতের আইনজীবী আবদুল মজিদ। সঙ্গে ছিলেন আইনজীবী হাফিজুল ইসলাম ও নুরুল ইসলাম।
যোগাযোগ করা হলে আইনজীবী আবদুল মজিদ বলেন, ‘দুপুরে আদালতে মামলার আবেদন জমা দেওয়া হয়। মামলাটি আদালত আমলে নিয়েছেন। শুনানি হয়েছে। আদালতের পেশকারের মাধ্যমে পরে জেনেছি, আগামী ১ ফেব্রুয়ারি আদেশের জন্য দিন ধার্য করা হয়েছে।’
মামলার আবেদনে অভিযোগ করা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একাধিক ভিডিওতে আমির হামজা ওয়াজ মাহফিলে বক্তব্য প্রদানকালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর নাম ব্যঙ্গাত্মকভাবে বিকৃত করে অবমাননাকর শব্দ ব্যবহার করেন। একই সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলায় কারাবাসের প্রসঙ্গ টেনে বিদ্রূপমূলক ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন, যা স্পষ্টতই মানহানিকর।
অভিযোগে আরও বলা হয়, এসব বক্তব্য মরহুম আরাফাত রহমান কোকো ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সম্মান, সুনাম ও মর্যাদা ক্ষুণ্ন করেছে। এর ফলে তাঁদের পরিবারবর্গ, শুভানুধ্যায়ী এবং দেশের জাতীয়তাবাদী কর্মী-সমর্থকদের মধ্যে সামাজিক অপমান ও মানসিক ক্ষতির সৃষ্টি হয়েছে।
যোগাযোগ করা হলে মামলার বাদী সোলাইমান চৌধুরী শিহাব বলেন, ‘একজন সচেতন নাগরিক হিসেবে আদালতে একটি ফৌজদারি মানহানি মামলা করেছি। আদালতের প্রতি পূর্ণ আস্থা ও সম্মান রেখে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে ন্যায়বিচার প্রত্যাশা করছি।’
যোগাযোগ করা হলে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজা বলেন, ‘মামলার আবেদনের বিষয়টি জেনেছি। আমি বিকেলে আদালতেই ছিলাম। যতটুকু জানি, এই মামলার কোনো ভিত্তি নাই। মানহানি হলে ওই পরিবারের কেউ মামলা করতে পারে। তারেক রহমান সাহেব বা তাঁর স্ত্রী বা তাঁর মরহুম ভাইয়ের স্ত্রী মামলা করতে পারেন। তাঁরা তো করেননি। তারপরও আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনগতভাবেই সব কিছু দেখা হবে।’

বরগুনা পৌরসভার একটি ভোটকেন্দ্রে ভোট শুরুর আগেই রাতে রেজাল্ট শিটে প্রার্থীর এজেন্টদের স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে। এ সময় বিষয়টি বুঝতে পেরে বিএনপি মনোনীত প্রার্থীর এজেন্টরা প্রতিবাদ জানালে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট রেজাল্ট শিটটি ছিঁড়ে ফেলেন ওই কর্মকর্তা।
৮ মিনিট আগে
ঝিনাইদহের কালীগঞ্জে ছলিমুন্নেছা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভোটকেন্দ্রে দাঁড়িপাল্লা ও ধানের শীষের প্রার্থীর এজেন্টের স্বাক্ষরিত ২৩টি ফাঁকা রেজাল্ট শিট জব্দ করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এগুলো জব্দ করে ছিঁড়ে ফেলা হয়।
১৮ মিনিট আগে
বগুড়া-৬ (সদর) আসনে ভান্ডারী বালিকা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে জামায়াতের এক নেতাকে আটক করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে তাঁকে আটক করা হয়। আটক জামায়াত নেতা নাসিরুল ইসলাম বগুড়া শহরের ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি।
১ ঘণ্টা আগে
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াতে ইসলামীর কর্মীসহ পাঁচজনকে আটক ও বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন সংক্ষিপ্ত বিচার আদালত। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর সূত্রাপুরে নগদ টাকা বিতরণের প্রস্তুতিকালে হাবিবুর রহমান (৬৩) নামে জামায়াতে ইসলামীর এক কর্মীকে হাতেনাতে ধরা হয়।
১ ঘণ্টা আগে