Ajker Patrika

অনিয়মিত পরীক্ষার্থীকে নিয়মিত প্রশ্নপত্রে পরীক্ষা, কেন্দ্রসচিব ও ট্যাগ অফিসারকে অব্যাহতি

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি 
আপডেট : ৩০ জুলাই ২০২৬, ১৬: ৪৯
অনিয়মিত পরীক্ষার্থীকে নিয়মিত প্রশ্নপত্রে পরীক্ষা, কেন্দ্রসচিব ও ট্যাগ অফিসারকে অব্যাহতি
ভূরুঙ্গামারী ফাজিল ডিগ্রী মাদরাসা। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চলমান আলিম পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে এক কেন্দ্রসচিব ও কর্তব্যরত ট্যাগ অফিসারকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

অব্যাহতি পাওয়া ব্যক্তিরা হলেন ভূরুঙ্গামারী ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্রসচিব মাওলানা মো. আলতাফ হোসাইন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমিক সুপারভাইজার ও ট্যাগ অফিসার সাইফুর রহমান।

জানা গেছে, গতকাল বুধবার ভূরুঙ্গামারী ফাজিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্রে আলিম পরীক্ষার রসায়ন প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় নাগেশ্বরী কামিল মাদ্রাসার এক অনিয়মিত পরীক্ষার্থী ওই কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন। ভুলবশত তাকে নিয়মিত পরীক্ষার্থীদের এমসিকিউ প্রশ্নপত্র দেওয়া হয়।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ বিষয়টি জানতে পারেন। পরে শিক্ষা বোর্ডের সঙ্গে পরামর্শ করে নাগেশ্বরী কেন্দ্র থেকে অনিয়মিত পরীক্ষার্থীর জন্য নির্ধারিত প্রশ্নপত্র এনে অতিরিক্ত সময় দিয়ে তার পরীক্ষা নেওয়া হয়।

ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্রসচিব ও ট্যাগ অফিসারকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা কেন গ্রহণ করা হবে না, সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

কেন্দ্রসচিব মো. আলতাফ হোসাইন বলেন, অনিয়মিত পরীক্ষার্থীর প্রশ্নপত্র তাঁদের কেন্দ্রে আসেনি। প্রশ্নপত্রটি নাগেশ্বরী কামিল মাদ্রাসা কেন্দ্রে পাঠানো হয়েছিল। পরে সেখান থেকে প্রশ্নপত্র পাঠানো হয়নি। বর্তমানে নাগেশ্বরী কামিল মাদ্রাসার পরীক্ষার্থীরা ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এবং ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসার পরীক্ষার্থীরা নাগেশ্বরী কামিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে।

ইউএনও অমৃত দেব নাথ বলেন, শিক্ষা বোর্ডের সঙ্গে সমন্বয় করে অনিয়মিত পরীক্ষার্থীর প্রশ্নপত্র সংগ্রহ করে পরীক্ষা নেওয়া হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে কেন্দ্রসচিব ও কর্তব্যরত ট্যাগ অফিসারকে অব্যাহতি দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত