ছয় মাস বেতন বন্ধ, ক্ষোভে মাদ্রাসা সুপারকে অবরুদ্ধ করলেন শিক্ষকেরা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় কামাত আঙ্গারিয়া দাখিল মাদ্রাসার ছয় মাসের বকেয়া বেতনের দাবিতে সুপারিনটেনডেন্ট (সুপার) মো. সাইদুর রহমানকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন সহকারী শিক্ষক-কর্মচারীরা। আজ সোমবার সকালে সুপারিনটেনডেন্টের কার্যালয়ে তাঁকে অবরুদ্ধ করে রাখা হয়। পরে বিকেলে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে।
শিক্ষক-কর্মচারীরা জানান, টানা ছয় মাস বেতন পাচ্ছেন না মাদ্রাসার ১৮ জন শিক্ষক-কর্মচারী। এতে তাঁরা চরম আর্থিক সংকটে পড়েছেন। পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে তাঁদের। বেতন বন্ধ থাকায় মানসিক দুশ্চিন্তার মধ্য দিয়ে দিন কাটছে। এর প্রভাব পড়ছে পাঠদানেও। ব্যাহত হচ্ছে মাদ্রাসার স্বাভাবিক শিক্ষা কার্যক্রম।
ক্ষুব্ধ শিক্ষক-কর্মচারীদের অভিযোগ, সুপারিনটেনডেন্ট বেতন-বিলের কাগজপত্রে স্বাক্ষর করতে গড়িমসি করায় তাঁদের বেতন বন্ধ রয়েছে। এর আগেও তাঁর কারণে টানা সাত মাস বেতন বন্ধ ছিল বলে দাবি করেন তাঁরা। বারবার এমন পরিস্থিতির পুনরাবৃত্তি রোধে দ্রুত বকেয়া বেতন পরিশোধ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।
তবে অভিযোগ অস্বীকার করে সুপার মো. সাইদুর রহমান বলেন, ‘শিক্ষক-কর্মচারীদের বেতন বন্ধ হওয়ার জন্য আমি দায়ী নই।’
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, আজ বিকেলে অবরুদ্ধ অবস্থা থেকে সুপারিনটেনডেন্টকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। তাঁকে তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।









