
কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার তৎকালীন পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমান। ভুয়া হোল্ডিং তৈরি করে অতিরিক্ত কর ধার্য করার একটি অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। পৌরসভার একজন বাসিন্দা কিশোরগঞ্জ জেলা প্রশাসক বরাবর একটি অভিযোগ দেন। এ ঘটনায় জেলা প্রশাসকের পক্ষ থেকে তদন্ত করে প্রতিবেদনও জমা দেওয়া হয়। কিন্তু এখন পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে কিশোরগঞ্জ জেলা সদরের গুরুত্বপূর্ণ পৌরসভায় পদায়ন করা হয়েছে। সেখানেও পৌরসভার গাড়ি ব্যক্তিগত ও পারিবারিক কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
তথ্যানুসন্ধানে জানা গেছে, পাকুন্দিয়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা থাকাকালীন ভুয়া হোল্ডিং তৈরি করে অতিরিক্ত কর আদায় করলে মো. নাসির উদ্দিন নামে এক ব্যক্তি কিশোরগঞ্জ জেলা প্রশাসক বরাবর অভিযোগ দেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করেন তাঁরা। এতে নির্বাহী কর্মকর্তা, কর নির্ধারক ও কর আদায়কারীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। পরে ২০২৫ সালের ২ জুন স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর এক চিঠিতে (স্মারক নম্বর: ৪৬.৪১.৪৮০০.০১০.১২.০০২.২৩-২৮২) তদন্ত প্রতিবেদন পাঠান কিশোরগঞ্জের তৎকালীন জেলা প্রশাসক (যুগ্ম সচিব) ফৌজিয়া খান। এতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধও জানানো হয়।
এদিকে তদন্ত প্রতিবেদন পাঠানোর পরদিন ৩ জুন ওই পৌর কর্মকর্তা পাকুন্দিয়া পৌরসভা থেকে বদলি হয়ে কিশোরগঞ্জ পৌরসভায় যোগদান করেন। এরপর নতুন করে তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে সরকারি সুযোগ-সুবিধা অপব্যবহারের। ব্যক্তিগত ও পারিবারিক কাজে পৌরসভার গাড়িটি দেদার ব্যবহার করছেন সৈয়দ শফিকুর রহমান।

কিশোরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এ এস এম সুমন বলেন, যে কর্মকর্তার বিরুদ্ধে পাকুন্দিয়ায় জালিয়াতির প্রমাণ মিলেছে, তাঁকে এখানে এনে আরও বড় সুযোগ দেওয়া হয়েছে। পৌরসভার গাড়িটি যেভাবে ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন, তা স্পষ্ট ক্ষমতার অপব্যবহার।
নাম প্রকাশ না করার শর্তে পাকুন্দিয়া পৌরসভার কয়েকজন বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের এই সিন্ডিকেটের কাছে সাধারণ মানুষ জিম্মি। জেলা প্রশাসন তদন্ত করে অপরাধের প্রমাণ পেয়েছে, তারপরও ভালো জায়গায় বদলি করা হয়েছে।’
কিশোরগঞ্জ পৌরসভায় কর্মরত নির্বাহী কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমানের সঙ্গে তিন দিন ধরে যোগাযোগের পরও তাঁর কোনো মন্তব্য পাওয়া যায়নি।
কিশোরগঞ্জ পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) জেবুন নাহার শাম্মী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পৌর নির্বাহী কর্মকর্তা পাকুন্দিয়া পৌরসভায় থাকাকালীন তাঁর বিরুদ্ধে ভুয়া হোল্ডিং তৈরিসহ অতিরিক্ত কর আদায়ের একটা অভিযোগ পাওয়া যায়। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে।
জেবুন নাহার শাম্মী আরও বলেন, অভিযোগ প্রমাণিত হলে তৎকালীন জেলা প্রশাসক ফৌজিয়া খান স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন পাঠান।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে তিনটি বাস, দুটি কাভার্ডভ্যান, ছয়টি সিএনজি ও ১০টি মোটরসাইকেলসহ মোট ৩৫টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৪টি বাস, ৪টি ট্রাক, একটি কাভার্ডভ্যান, ১৭টি সিএনজিচালিত অটোরিকশা ও ৩৩টি মোটরসাইকেলসহ মোট ৮৯টি মামলা হয়েছে।
১১ মিনিট আগে
খুলনার একটি আদালত চেক ডিজঅনারের মামলায় নসরুল জামান নামে এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি তাঁকে ৮১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সাজাপ্রাপ্ত আসামি রূপসা উপজেলার চর রূপসার বাসিন্দা রশিদ মোড়লের ছেলে। তিনি একজন ব্যবসায়ী।
১৫ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে চাঁদার টাকা না দেওয়ায় এক সহকারী শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে সাময়িক বরখাস্তকৃত এক সহকর্মীর বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে নূতন দুলাল ভরট দ্বি-মুখী বিদ্যালয়ের শিক্ষার্থীরা অর্ধবার্ষিক পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেছে।
৩১ মিনিট আগে
রাজধানীর চকবাজার এলাকার একটি পলিথিন কারখানা থেকে পুলিশের লুট হওয়া একটি পিস্তল উদ্ধার করেছে র্যাব-১০। আজ রোববার র্যাব-১০-এর সহকারী পরিচালক তপন সরকার বিষয়টি নিশ্চিত করেন।
৩২ মিনিট আগে