
কিশোরগঞ্জের ভৈরবে ১৬ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রী ও তার বাবাকে অপহরণচেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ শনিবার (২৮ মার্চ) সকাল ৯টার দিকে শহরের কমলপুর নিউটাউন এলাকায় স্থানীয় জনতা অভিযুক্ত ব্যক্তিদের আটক করে ভৈরব থানা পুলিশের হাতে সোপর্দ করে।
আটক ব্যক্তিরা হলেন, শহরের গাছতলাঘাট এলাকার বাসিন্দা মো. জসিম মিয়া (৪৮) ও তাঁর সহযোগী অটোরিকশাচালক মো. রনি মিয়া (৩২)।
স্থানীয় লোকজনের অভিযোগ, আটক জসিম মিয়া বিভিন্ন সময়ে নিজেকে রাজনৈতিক নেতা ও সাংবাদিক পরিচয়ে দিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করতেন।
থানা পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদ্রাসায় যাতায়াতের পথে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন জসিম মিয়া। শনিবার সকাল আনুমানিক ৯টার দিকে নিউটাউন এলাকার ভাই ভাই ভিলার সামনে অভিযুক্ত ব্যক্তিরা ছাত্রীকে জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে নেওয়ার চেষ্টা করেন। এ সময় ছাত্রীর বাবা হারুনুর রশীদ বাধা দিলে তাঁকেও অপহরণের চেষ্টা করা হয়। ছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং দুই অভিযুক্তকে আটক করে পুলিশে খবর দেন।
ছাত্রীর বাবা হারুনুর রশীদ বলেন, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার শরিফা বেগম নামের এক নারী তাঁর বিরুদ্ধে একটি মিথ্যা চেক জালিয়াতির মামলা করেন। ওই মামলায় তিনি এখন জামিনে রয়েছেন। পরবর্তীকালে জসিম মিয়া ওই নারীর সঙ্গে যোগসাজশ করে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় তাঁকে নিয়মিত হয়রানি করছিলেন জসিম মিয়া। ঘটনার দিন জসিম মিয়া এক রাজনৈতিক নেতার নাম ব্যবহার করে তাঁকে ও তাঁর মেয়েকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করেন। এ ঘটনার সুষ্ঠু বিচার ও অভিযুক্ত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত ব্যক্তিদের আটক করে থানায় নিয়ে যায়। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বান্দরবানে অভিযান পরিচালনা করে ৩০ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ শুক্রবার সকালে শহরের ট্রাফিক মোড়ে একটি প্রাইভেট কার তল্লাশি করে সিটের নিচ থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
২৫ মিনিট আগে
মন্ত্রী বলেন, লাম্পি স্কিন ডিজিজ গবাদিপশুর জন্য অত্যন্ত ক্ষতিকর একটি রোগ। কোনো খামারে এ রোগ দেখা দিলে দ্রুত অন্য পশুর মধ্যে ছড়িয়ে পড়তে পারে। এতে খামারিরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েন। তাই চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধে নিয়মিত টিকাদানের ওপর গুরুত্ব দিতে হবে।
৩২ মিনিট আগে
রাজশাহী বাস টার্মিনালে এসে অনেক যাত্রীকে বাসের অপেক্ষায় থাকতে দেখা গেছে। রাজশাহীর বাসগুলো নাটোর হয়ে রংপুর বিভাগের বিভিন্ন জেলা, ঢাকা ও দেশের অন্যান্য গন্তব্যে চলাচল করে। ফলে বাস বন্ধ থাকায় এসব রুটের যাত্রীরাও ভোগান্তিতে পড়েছেন।
১ ঘণ্টা আগে
‘আমি শুনেছি, এখানে জমি রেজিস্ট্রি হয় সাবরেজিস্ট্রি অফিসে। ওখানে যারা চাকরি করে তারা প্রান্তিক পর্যায়ের মানুষের কাছ থেকে অনেক টাকা নিয়ে থাকে। যেখানে ২০০ টাকার নেওয়ার কথা সেখানে অনেক বেশি টাকা নেওয়া হয় এবং এখানে এই টাকা না কি ভাগাভাগি হয়।’
১ ঘণ্টা আগে