Ajker Patrika

ভৈরবে ছাত্রলীগ নেতাকে আটকের পর ছেড়ে দিলেন ওসি ও ছাত্রদল নেতারা

ভৈরব প্রতিনিধি
ভৈরবে ছাত্রলীগ নেতাকে আটকের পর ছেড়ে দিলেন ওসি ও ছাত্রদল নেতারা
কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক তারেক বিন ফয়েজ। ছবি: সংগৃহীত

নিষিদ্ধঘোষিত কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক তারেক বিন ফয়েজকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমানের বিরুদ্ধে।

আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ভৈরবের শিমুলকান্দি বিদ্যুৎ উপকেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় ওসির সঙ্গে থানার এসআই শক্তিপদ মৃধা ও মোস্তাফিজুর রহমান, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আরিফ মোহাম্মদ ফরহাদ এবং ছাত্রদলের আরও এক নেতা উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে শিমুলকান্দি বিদ্যুৎ উপকেন্দ্রের ভেতরে তারেক বিন ফয়েজের অবস্থানের খবর পেয়ে সেখানে যান ওসি মাহবুবুর রহমান। এ সময় তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা আসাদুজ্জামান আসাদের সঙ্গে মুঠোফোনে কথা বলেন। আসাদ তাঁকে জানান, তারেক বিন ফয়েজ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত নন। পরে তাঁর পরিচয় ও রাজনৈতিক সম্পৃক্ততা যাচাই-বাছাই করার কথা বলে ঘটনাস্থল ত্যাগ করেন ওসি।

এ ঘটনার পর ছাত্রলীগ নেতাকে আটকের পর ছেড়ে দেওয়ার বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে বিএনপির একাধিক নেতা-কর্মী বলেন, নিষিদ্ধঘোষিত সংগঠনের একজন নেতাকে আটকের পর ছেড়ে দেওয়ার ঘটনা রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করতে পারে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযোগের বিষয়ে ছাত্রদলের সদস্যসচিব আরিফ মোহাম্মদ ফরহাদ বলেন, ওসি বিদ্যুৎ উপকেন্দ্রে গেলে আমিও সেখানে যাই। পরে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা আসাদের সঙ্গে মুঠোফোনে কথা বলেন ওসি। এ সময় ফয়েজের গ্রামের লোকজনও তাঁকে ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। পরে ওসি ফয়েজকে ছেড়ে দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

ওসি মো. মাহবুবুর রহমান বলেন, ‘আমি শিমুলকান্দি বিদ্যুৎ উপকেন্দ্রে গিয়েছিলাম। তখন অনেকেই বলছিলেন, ফয়েজ ছাত্রলীগের সঙ্গে জড়িত নন। আমাকে তাঁর নাম বলেছেন মুন্না। পরিচয় যাচাই-বাছাই করে সেখান থেকে চলে আসি। পরে জানতে পেরেছি, তিনি জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত