Ajker Patrika

প্রতিবেশীর হামলায় আহত ব্যক্তির মৃত্যু, বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

মাগুরা প্রতিনিধি 
প্রতিবেশীর হামলায় আহত ব্যক্তির মৃত্যু, বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
মাগুরায় প্রতিবেশীর হামলায় আহত ব্যক্তির মৃত্যুতে ঘটনাস্থল পরিদর্শনে আসেন মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। ছবি: আজকের পত্রিকা

মাগুরার শ্রীপুরে প্রতিবেশীদের হামলায় গুরুতর আহত আমিরুল মোল্যা (৫০) নামের এক ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুর খবর এলাকায় পৌঁছানোর পর অন্তত ১০টি বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীরা গরু-ছাগল, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে বলে ভুক্তভোগী পরিবারগুলো দাবি করেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের সোয়া শতডাঙা গ্রামে এই ঘটনা ঘটে।

এদিকে ভাঙচুর ও সহিংসতার খবর পেয়ে আজ শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আমিরুল মোল্যার সঙ্গে প্রতিবেশী আবুজার মণ্ডল, তবিবর মণ্ডল ও ফরিদ বিশ্বাসের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে গত মঙ্গলবার (১৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে প্রতিপক্ষের লোকজন আমিরুল মোল্যার বাড়িতে ঢুকে দেশীয় অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে মারাত্মক জখম করেন।

স্বজনেরা তাঁকে উদ্ধার করে প্রথমে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এই হামলার ঘটনায় নিহত আমিরুলের ছোট ভাই আব্দুল মোল্যা বাদী হয়ে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছিলেন।

শ্যামলী ন্যাশনাল হেলথ কেয়ার জেনারেল হাসপাতালে আমিরুল মোল্যা চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে মারা যান। তাঁর মৃত্যুর খবর রাতে গ্রামে পৌঁছালে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে একদল লোক লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। এ সময় ওই এলাকার সালামত বিশ্বাস, মোসলেম বিশ্বাস, আবুল বিশ্বাস ও হাসান বিশ্বাসের বাড়িসহ অন্তত ১০টি বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

ভুক্তভোগী পরিবারের মোসলেম বিশ্বাস জানান, আকস্মিকভাবে তাঁদের বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয় এবং ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র ও গবাদিপশু লুট করে নিয়ে যাওয়া হয়েছে।

নিহত আমিরুল মোল্যার ছোট ভাই আব্দুল মোল্যা বলেন, ‘আমরা শুধু ভাইয়ের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসি চাই। গভীর রাতে কারা কার বাড়িঘরে ভাঙচুর বা লুটপাট করেছে, সেই বিষয়ে আমরা কিছুই জানি না। এই ভাঙচুরের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বলেন, হত্যাকাণ্ডের বিষয়ে একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এলাকায় নতুন করে সহিংসতা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত