সুন্দরবনে ২৮ কেজি হরিণের মাংস, মাথা-পা-চামড়া জব্দ

সুন্দরবনের কয়রা এলাকায় অভিযান চালিয়ে ২৮ কেজি হরিণের মাংস, আটটি পা, দুটি মাথা ও দুটি চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড। আজ রোববার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ৬টার দিকে খুলনার কয়রা থানাধীন বজবজা ও ঝাপঝপি খালসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড। এ সময় হরিণের মাংস ও বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ জব্দ করা হয়।
জব্দ করা আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সেগুলো বজবজা ফরেস্ট স্টেশনের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।









