
সুন্দরবনে পর্যটকবাহী নৌযান (জালিবোট) নিবন্ধনের আওতায় আনার জন্য নৌপরিবহন অধিদপ্তর ও কোস্ট গার্ডের যৌথ অভিযানের প্রতিবাদে ধর্মঘট পালন করছে মালিকপক্ষ। আজ সোমবার ৫ জানুয়ারি সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে জালিবোটমালিকদের মোংলা বন্দর যন্ত্রচালিত মাঝিমাল্লা সংঘ।
এর আগে গতকাল রোববার মোংলা ঘাট থেকে সুন্দরবনের করমজল ও বনের অন্যান্য এলাকায় চলাচলকারী পর্যটকবাহী ট্রলার ও জালিবোটকে নৌপরিহবন মন্ত্রণালয়ের নিবন্ধনের আওতায় আনতে অভিযান চালানো হয়।
দিনব্যাপী ট্রলার চলাচল বন্ধ থাকায় সুন্দরবনে ঘুরতে আসা দর্শনার্থীরা বিপাকে পড়েছেন। যশোর থেকে ঘুরতে আসা আবু তালেব বলেন, ‘আজ যে ধর্মঘট, তা জানতাম না। অনেক কষ্ট করে এসেছি। কিন্তু সুন্দরবন যেতে পারলাম না।’ আবু তালেবের মতো অনেকেই ফিরে গেছেন নৌযান না পেয়ে।
সুন্দরবনের করমজল পর্যটনকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বলেন, ‘সকাল থেকে তেমন কোনো নৌযান বা পর্যটক আসেনি। শুনেছি ট্রলারমালিকেরা ধর্মঘট ডেকেছে।’
মোংলা বন্দর যন্ত্রচালিত মাঝিমাল্লা সংঘের দাবি, মোংলায় পর্যটকবাহী ৪০০ জালিবোট রয়েছে। প্রতিটি বোটের ট্রেড লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্র রয়েছে। কিন্তু তারপরও হঠাৎ করে গতকাল অভিযান চালিয়ে তাঁদের অন্তত ৩০টি জালিবোটের ওপরের অংশের অবকাঠামো কেটে ও ভেঙে সেসব মালামাল নিয়ে যায় নৌপরিবহন অধিদপ্তর (খুলনা)। এতে বোটের সৌন্দর্যের পাশাপাশি পর্যটকদের স্বাচ্ছন্দ্যে বসার পরিবেশ নষ্ট হয়েছে। এর প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছেন ক্ষতিগ্রস্ত বোটমালিকেরা।
মোংলা বন্দর যন্ত্রচালিত মাঝিমাল্লা সংঘের সাধারণ সম্পাদক সোহাগ হাওলাদার বলেন, ‘আমরা মূলত ফরেন শিপের জালিবোট সংস্কার করে পর্যটকদের যাতায়াতের জন্য ব্যবহার করি। কোস্ট গার্ডের নির্দেশনা অনুযায়ী আমাদের বোটে মাত্র ১০ জন পর্যটক যাতায়াত করে। আমাদের সকল প্রকার বৈধ কাগজপত্র রয়েছে। আমরা ট্রেড লাইসেন্স করেছি, মোংলা বন্দর কর্তৃপক্ষের অনুমতিও নিয়েছি। কিন্তু এখন হঠাৎ করে নৌপরিবহন কর্তৃপক্ষ আমাদের লাইসেন্স করতে বলছে। যেখানে প্রতিবছর ২৫ হাজার টাকা দিতে হবে। এটা আমাদের জন্য খুবই কষ্টকর।’
নৌপরিবহন অধিদপ্তর, খুলনার পরিদর্শক মো. রাশেদুল আলম বলেন, অভ্যন্তরীন নৌ চলাচল অধ্যাদেশ, ১৯৭৬ অনুযায়ী ১৬ হর্স পাওয়ার বা এর বেশি পাওয়ারের ইঞ্জিন ব্যবহারকারী সব নৌযানকে নৌপরিবহন অধিদপ্তরের লাইসেন্সের আওতায় আসতে হবে। বিষয়টি বাস্তবায়নের জন্য কোস্ট গার্ড ও নৌপরিবহন অধিদপ্তর যৌথ অভিযান পরিচালনা করেছে।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে চার বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে সেকান্দার চৌকিদার (৪৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে ধুলাসার ইউনিয়নের অনন্তপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে
উত্তরার আলোচিত এ ছিনতাইয়ের ঘটনায় শুরু থেকেই গুরুত্ব দিয়ে তদন্ত করছে ডিবি। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে সাগর বাড়ৈসহ পাঁচজনকে চারটি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে কিছু টাকা ও বিভিন্ন আলামতও উদ্ধার করা হয়েছে।
২ ঘণ্টা আগে
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতোয়ালি মডেল থানা-পুলিশ বিশেষ অভিযান চালিয়ে রিদয় আহমদ ওরফে ঝাড়ু (২৫) নামের এক দুর্ধর্ষ চোরকে গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় নগরীর চৌহাট্টা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে
নীলফামারীর কিশোরগঞ্জে অবৈধভাবে চাড়ালকাটা নদীর চর কেটে বালু বিক্রি ঠেকাতে অভিযানে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা জামান তন্বী। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
২ ঘণ্টা আগে