
ঝিনাইদহ হাটগোপালপুরে রাতের আঁধারে ঘোড়া জবাই করে চামড়া ফেলে রেখে মাংস নিয়ে গেছে কে বা কারা। আজ রোববার সকালে স্থানীয়দের নজরে আসে বিষয়টি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, জেলা শহর থেকে ১৪ কিলোমিটার দূরে হাটগোপালপুর বাজার। বাজারে পাঁচ-ছয় মাস ধরে ঘুরে বেড়ায় একটি ঘোড়া। বেশির ভাগ সময় হাটগোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ঘুরে বেড়াতে দেখা যায় ঘোড়াটিকে। স্কুল মাঠে জন্মানো ঘাস খেয়ে জীবন কাটত ঘোড়াটির। গতকাল শনিবার রাতের যেকোনো সময় ওই ঘোড়াটিকে জবাই করে মাংস নিয়ে গেছে কেউ। আর চামড়া, মাথা ও ভুঁড়ি স্কুল মাঠে ফেলে রেখে যায়। অনেকে ধারণা করছেন, ঘোড়াটি জবাই করে মাংস নিয়ে বিক্রির উদ্দেশ্যে কেউ নিয়ে যেতে পারে।
হাটগোপালপুর বাজারের এক ব্যবসায়ী রইচ উদ্দিন বলেন, ‘দীর্ঘদিন ধরে স্কুলের আশপাশে অন্ধ ঘোড়াটি ঘোরাঘুরি করত। ঘোড়াটি কার আমরা কেউ জানি না। ঘোড়াটি অন্ধ হওয়ায় আমরা স্থানীয় ব্যবসায়ীরাও মাঝেমধ্যে তাকে খাবার খেতে দিলাম। আজ রোববার সকালে বাজারে এসে ঘোড়াটি কোথাও দেখতে পাইনি। পরে স্কুল মাঠে ঘোড়ার মাথা, চামড়া ও ভুঁড়ি পড়ে থাকতে দেখি। ধারণা করছি, রাতের অন্ধকারে ঘোড়াটি কেউ জবাই করে মাংস নিয়ে গেছে।’ তিনি আরও বলেন, ‘আমাদের হাটে সেই মাংস অন্যান্য মাংসের সঙ্গে মিশিয়ে বিক্রি করা হবে না, এর কোনো নিশ্চয়তাও দেখছি না।’
ওই এলাকার বাসিন্দা মো. রিফাত বলেন, ‘ঘোড়াটি অন্ধ হলেও আমাদের কাছে অনেক প্রিয় ছিল। বেশির ভাগ সময় স্কুল মাঠেই থাকত। আমরা ঘোড়াটিকে প্রতিদিন খাবার খেতে দিতাম, দেখাশোনা করতাম; কিন্তু কে বা কারা তাকে জবাই করে মাংস নিয়ে গেছে। আর তার অবশিষ্ট অংশ মাঠে ফেলে রেখে গেছে—এটা দেখে আমাদের খুব কষ্ট লাগছে। কীভাবে পারল ঘোড়াটি জবাই করে এভাবে মাংস নিয়ে যেতে।’
ঝিনাইদহ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, ‘এই ঘটনাটি আমার জানা নেই। ঘোড়ার মাংস মানুষের খাওয়ার উপযোগী না।’ তিনি বলেন, ‘ঘোড়ার মাংসে মাত্রাতিরিক্ত অ্যাসিড থাকে। ফলে ঘোড়ার মাংস খেলে স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হতে পারে। বাজারে এমন মাংস বিক্রির শঙ্কা তৈরি হলে আমরা প্রয়োজনে মাংস পরীক্ষা করতে পারি।’
স্থানীয় হাটগোপালপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাত্তার বলেন, কে বা কারা রাতের আঁধারে ঘোড়াটি জবাই করে মাংস নিয়ে গেছে। ফেলে রেখে গেছে কাটা মাথা ও চামড়া। অন্ধ ঘোড়াটির এই পরিণতি ও ঘোড়ার মাংস বিক্রির আশঙ্কায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বগুড়ায় চালু করা হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) মহিলা বাস সার্ভিস। তবে চালুর এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও প্রত্যাশিত যাত্রী পাচ্ছে না বাস দুটি। দিনের বেশির ভাগ সময়ই ৪৫ আসনের বাসে অল্পসংখ্যক যাত্রী দেখা যায়।
৫ ঘণ্টা আগে
সাগরে বড় জাহাজ থেকে তেল খালাস করে সরাসরি ডিপোতে আনার জন্য নির্মাণ করা হয় সিঙ্গেল পয়েন্ট মুরিং উইথ ডাবল পাইপলাইন (এসপিএম)। কক্সবাজারের মহেশখালী থেকে বঙ্গোপসাগরের তলদেশ দিয়ে চট্টগ্রামের পতেঙ্গা ডিপো পর্যন্ত টানা হয়েছে ১১০ কিলোমিটার লম্বা এই পাইপলাইন। এই প্রকল্পে ব্যয় করা হয় ৮ হাজার ২৯৮ কোটি টাকা।
৬ ঘণ্টা আগে
জনবসতিহীন এলাকায় একটি পরিত্যক্ত মুরগির খামার। সেখানে প্রতিদিন জড়ো হচ্ছে শিশু-কিশোর, প্রাপ্তবয়স্করা। টাকার বিনিময়ে বিভিন্ন বয়সী মানুষের কাছ থেকে নেওয়া হয় পাসপোর্টের ছবি, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ও ফেস ভেরিফিকেশন। দিনশেষে এসব তথ্য পাচার হয় বিদেশে।
৬ ঘণ্টা আগে
বর্ষা মৌসুম শেষ হয়েছে দেড় মাস আগে। কিন্তু সেই বর্ষার পানি নিষ্কাশন হতে না পারায় শরতের শেষ সময়ে এসেও যশোরের দুঃখখ্যাত ভবদহ অঞ্চলের অন্তত ২০০ গ্রাম জলাবদ্ধ রয়েছে। বর্ষকাল থেকে শুরু করে তিন মাস ধরে এসব গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী জীবনযাপন করছে।
৭ ঘণ্টা আগে