Ajker Patrika

আগে টিকা বয়স্ক ও নারীদের

প্রতিনিধি, যশোর 
আগে টিকা বয়স্ক ও নারীদের

নারী ও বয়স্কদের অগ্রাধিকার দিয়ে আগামী শনিবার (৭ আগস্ট) থেকে পুরো যশোর জলায় শুরু হবে ইউনিয়ন পর্যায়ে টিকাদান কর্মসূচি। সে লক্ষ্যে ইতিমধ্যেই প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য বিভাগ। যা বাস্তবায়নে প্রস্তুত করা হয়েছে ২৮২টি বুথ। আর মাঠে থাকবেন ১৪ শ ১০ জন কর্মী ও স্বেচ্ছাসেবী।

সদরসহ আটটি উপজেলায় প্রথম পর্যায়ে ৬৪ হাজার ৯০০ মানুষকে এ টিকা দেওয়া হবে। যা পর্যায়ক্রমে আরও বাড়ানো হবে।

গতকাল বুধবার যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে গ্রাম পর্যায়ে করোনার টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে। আগামী ৭ আগস্ট থেকে যশোরের ৯৩টি ইউনিয়ন ও আটটি পৌরসভায় করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হবে। প্রতিটি ওয়ার্ডের একটি কেন্দ্রে টিকা প্রদানের জন্য থাকবে তিনটি বুথ। সব মিলিয়ে জেলায় মোট ২৮২টি বুথ থাকবে।

প্রতিটি বুথে দুজন করে মোট ৫৬৪ জন স্বাস্থ্যকর্মী টিকা প্রদান করবেন। তাঁদের সহায়তার জন্য বুথ প্রতি তিনজন করে ৮৪৬ জন স্বেচ্ছাসেবী থাকবেন। সব মিলিয়ে এ কার্যক্রম বাস্তবায়নে মাঠ পর্যায়ে ১৪ শ ১০ জন স্বেচ্ছাসেবী অংশ নেবেন।

শেখ আবু শাহীন বলেন, ‘সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) দিন বাদে সপ্তাহে চার দিন করোনাভাইরাসের টিকা দেওয়া হবে। প্রতিটি ওয়ার্ডে দুই দিন করে পর্যায়ক্রমে বাকি ওয়ার্ডেও টিকা কার্যক্রম চলবে। জাতীয় পরিচয়পত্র নিয়ে গেলেই অঠারোর্ধ্ব সবাই বুথ থেকে টিকা পাবেন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই টিকা কার্যক্রম চলবে।’

সিভিল সার্জন বলেন, ‘এখন পর্যন্ত যশোরে অ্যাস্ট্রেজেনেকার মোট ২ লাখ ৩ হাজার টিকা এসেছে। এর মধ্যে বুধবার এসেছে ৩৬ হাজার ডোজ টিকি। এ ছাড়া সিনোফার্মার ৯৮ হাজার ৩০০ টিকার মধ্যে এসেছে ২৮ হাজার ৮০০ টিকা।

এসব টিকার মধ্যে থেকে ১ লাখ ২০ হাজার জন প্রথম ডোজ এবং ৮৩ হাজার জন অ্যাস্ট্রেজেনেকার দ্বিতীয় ডোজ নিয়েছেন। এ ছাড়া ৬৮ হাজার জন সিনোফার্মার প্রথম ডোজ এবং দেড় হাজার মানুষ দ্বিতীয় ডোজ টিকা সম্পন্ন করেছেন।’

সিভিল সার্জন শেখ আবু শাহীন বলেন, ‘টিকা দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রে আসা নারী ও বয়স্কদের অগ্রাধিকার দেওয়া হবে। বর্তমানে জেলায় টিকার কোনো সংকট নেই। কার্যক্রম শুরু হওয়ার পর আরও টিকা আসবে। ফলে ইউনিয়ন পর্যায়ে টিকা দিতে সমস্যা হবে না। টিকা কার্যক্রম তদারকির জন্য প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার কেন্দ্রে একটি করে টিম পরিদর্শন করবে।’

যশোর পৌরসভার মেয়র হায়দার গনি খান পলাশ জানান, টিকাদান কার্যক্রম বাস্তবায়নে ৯টি ওয়ার্ডে কেন্দ্র ঘোষণা করা হয়েছে। এসব কেন্দ্রের মধ্যে ১ নম্বর ওয়ার্ডে পূর্ব বারান্দিপাড়ার মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে আগামী ৭,৮ ও ১০ আগস্ট ওয়ার্ডবাসীকে টিকা দেওয়া হবে। ২ নম্বর ওয়ার্ডে লোন অফিসপাড়ার সম্মিলনী ইনস্টিটিউশন স্কুল। এখানে আগামী ৭,৯ ও ১০ আগস্ট টিকা দেওয়া হবে। ৩ নম্বর ওয়ার্ডে ঘোপ জেল রোড সরকারি বি অ্যাড কলেজ। এখানে আগামী ৭,৮ ও ১০ আগস্ট টিকা দেওয়া হবে।

৪ নম্বর ওয়ার্ডে বিমান অফিস মোড়ের নিরিবিলি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে আগামী ৭,৮ ও ১০ আগস্ট টিকা দেওয়া হবে। ৫ নম্বর ওয়ার্ডে স্টেডিয়ামপাড়া মিউনিসিপ্যাল প্রিপারেটরি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আগামী ৭, ৮ ও ১০ আগস্ট করোনার টিকা দেওয়া হবে।

৬ নম্বর ওয়ার্ডে এম এম আলী রোডের ইনস্টিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেওয়া হবে ৭,৯ ও ১০ আগস্ট। ৭ নম্বর ওয়ার্ডে ইসহাক সড়কের শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ে ৭,৯ ও ১০ আগস্ট টিকা দেওয়া হবে। ৮ নম্বর ওয়ার্ডে বেজপাড়া গুড়গোল্লার মোড়ের আজিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেওয়া হবে ৭,৯ ও ১০ আগস্ট।

৯ নম্বর ওয়ার্ডে নাজির শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে টিকা মিলবে আগামী ৭,৮ ও ১০ আগস্ট। এসব কেন্দ্রে সংশ্লিষ্ট দিনে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টিকা দেওয়া হবে। পরে টিকাদানের দিন আরও বাড়ানো হবে বলে জানান পৌর মেয়র।

যশোরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান বলেন, টিকাদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য জেলা প্রশাসন ইতিমধ্যে ১৫৪ জনের একটি দল গঠন করা হয়েছে। তাঁরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে নিবন্ধন সম্পন্ন করবেন। যাতে মানুষ সহজে কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণ করতে পারেন। তা ছাড়া স্বাস্থ্য বিভাগ, পৌর ও ইউনিয়ন কর্তৃপক্ষও নিজ নিজ এলাকায় কমিটি গঠনের মাধ্যমে এ কার্যক্রম তদারকি করবেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত