
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় গরিব ও দুস্থদের জন্য বরাদ্দ ভিজিএফের চালের কার্ডের ভাগ না পেয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক প্যানেল চেয়ারম্যানকে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তোলনের বিরুদ্ধে।
গতকাল মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। তবে রাতে স্থানীয় বিএনপি নেতারা বিষয়টি মীমাংসা করে দিয়েছেন বলে জানা গেছে। ভুক্তভোগী মির্জা সোহেল বকশীগঞ্জ সদর ইউপির প্যানেল চেয়ারম্যান এবং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সাধারণ সদস্য।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে উপজেলায় ভিজিএফের ৩৭ হাজার ৩০৬টি কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি কার্ডের বিপরীতে ১০ কেজি চাল দেওয়া হবে। এর মধ্যে বকশীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ পেয়েছে ১ হাজার ৫৩৭টি কার্ড। বুধবার (আজ) থেকে চাল বিতরণ শুরু হওয়ার কথা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তোলন ও সদস্যসচিব শহিদুর রহমান উপজেলা সমবায় কর্মকর্তা ও সদর ইউনিয়নের প্রশাসক আবদুল জলিলের কার্যালয়ে যান। সেখান থেকে তোলন ফোন করে মির্জা সোহেলকে ডাকেন। কার্যালয়ের বারান্দায় দেখা হলে ভিজিএফ কার্ডের ভাগ চাওয়াকে কেন্দ্র করে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তোলন মির্জা সোহেলকে কিলঘুষি মারেন বলে অভিযোগ। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করেন।
সদর ইউনিয়নের প্রশাসক আবদুল জলিল বলেন, ব্যক্তিগতভাবে ভিজিএফ কার্ড চাওয়াকে কেন্দ্র করে প্যানেল চেয়ারম্যান মির্জা সোহেল ও স্বেচ্ছাসেবক দলের নেতা তোলনের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। বিষয়টি প্যানেল চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে ইউএনওকে জানানো হয়েছে।
মির্জা সোহেল বলেন, ‘উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তোলন ফোনে ভিজিএফ কার্ডের ভাগ চান। আমি জানাই, বরাদ্দ কার্ডের ২০ শতাংশ উপজেলা বিএনপিকে দিতে হবে, তাই আলাদা করে কাউকে দেওয়া সম্ভব নয়। পরে বিকেলে ডেকে নিয়ে আমাকে মারধর করা হয়। রাতে বিএনপির নেতারা বিষয়টি মীমাংসা করেছেন।’
অভিযোগ অস্বীকার করে আশিকুর রহমান তোলন বলেন, ‘আমি ভিজিএফ কার্ডের ভাগ চাইনি এবং কাউকে মারধরও করিনি। শুধু প্যানেল চেয়ারম্যানের সঙ্গে কথা-কাটাকাটি হয়েছে। একটি গোডাউনের লাইসেন্স-সংক্রান্ত বিষয় নিয়ে এই বিরোধ হয়। পরে বিষয়টি মীমাংসা হয়েছে।’
উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর বলেন, প্যানেল চেয়ারম্যান মির্জা সোহেল ও স্বেচ্ছাসেবক দলের নেতা তোলনের মধ্যে সৃষ্ট ঘটনাটি মীমাংসা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল হাই বলেন, প্যানেল চেয়ারম্যান অভিযোগ করেছেন। ভিজিএফের চাল বা কার্ডের কোনো ভাগ দেওয়ার সুযোগ নেই। নির্ধারিত কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করে কার্ড বিতরণ করা হবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

রাজশাহীর বাগমারায় ‘মিঠু’ নামের একটি টিয়া পাখিকে খাঁচায় বন্দী করে রাখার অভিযোগে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। ইউপি সচিব আনারুজ্জামান রিপনের বিরুদ্ধে এই অভিযোগ দেন মকবুল হোসেন। বিষয়টি ইউএনওকেও জানানো হয়েছে।
৪ মিনিট আগে
নেত্রকোনার কেন্দুয়ায় ৯ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় আব্দুর রহিমকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার সকালে তাঁকে কেন্দুয়া থানায় হস্তান্তরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ঘটনার পর স্থানীয় দুই মাতবরের বিরুদ্ধে ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগও উঠেছে।
৯ মিনিট আগে
রাঙামাটির কাপ্তাইয়ে অতিরিক্ত লোডশেডিং বন্ধ ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন হয়েছে। শুক্রবার বিকেলে কাপ্তাই নতুন বাজার সড়কে আয়োজিত কর্মসূচি থেকে এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি না হলে আগামী শুক্রবার বিক্ষোভ মিছিলের হুঁশিয়ারি দেওয়া হয়।
২৭ মিনিট আগে
উত্তরাঞ্চলের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী লোকজ আয়োজন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার সন্ন্যাসতলীর ঘুড়ির মেলা। প্রতিবছর জ্যৈষ্ঠ মাসের শেষ শুক্রবারে তুলসীগঙ্গা নদীর তীরঘেঁষা সন্ন্যাসতলীতে এই মেলা বসে। মেলার দিন ভোর থেকেই মানুষের ঢল নামে পুরো এলাকায়। আকাশজুড়ে উড়তে থাকে শত শত রঙিন ঘুড়ি, আর মেলার মাঠজুড়ে...
১ ঘণ্টা আগে