
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় চেয়ারম্যানের চেয়ারে বসা নিয়ে বর্তমান চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের লোকজনের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। আজ সোমবার সকাল ১০টার দিকে শুরু হওয়া বড়ইউড়ি ইউনিয়নের কালাইনজুরা গ্রামে এ সংঘর্ষ প্রায় তিন ঘণ্টা ধরে চলে।
জানা গেছে, উপজেলার ৭ নম্বর বড়ইউড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যানের চেয়ারে বসা নিয়ে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদ উদ্দিন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান কপিল উদ্দিনের লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়।
পুলিশ জানায়, ফরিদ উদ্দিন সম্প্রতি একটি বৈষম্যবিরোধী মামলায় কারাগারে ছিলেন। এ সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন ৫ নম্বর ওয়ার্ডের সদস্য কপিল উদ্দিন। পরে চেয়ারম্যান ফরিদ উদ্দিন জামিনে মুক্ত হয়ে আইনি জটিলতা শেষে ইউনিয়ন পরিষদের অফিসের চেয়ারে বসতে যান। কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান কপিল উদ্দিন বারবার দায়িত্ব বুঝিয়ে দিতে অনীহা প্রকাশ করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। আজ বিষয়টি নিয়ে দুই চেয়ারম্যানের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ চলে টানা তিন ঘণ্টা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় বানিয়াচং থানার ওসিসহ চার পুলিশ আহত হন।
এ ব্যাপারে কথা বলতে দুই চেয়ারম্যানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে কারও সাড়া মেলেনি।
এ বিষয়ে বানিয়াচং থানার ওসি শেখ নাজমুল হক বলেন, দুই চেয়ারম্যানের চেয়ারে বসার দ্বন্দ্ব থেকেই সংঘর্ষের সূত্রপাত হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঁচ রাউন্ড সাউন্ড গ্রেনেড ও তিন রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করা হয়।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নে কয়েলের আগুন থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দুটি গরু পুড়ে মারা গেছে। এ ঘটনায় আরও তিনটি গরু গুরুতর আহত হয়েছে এবং গোয়ালঘরটি পুরোপুরি ভস্মীভূত হয়েছে।
৪১ মিনিট আগে
চট্টগ্রামের সাতকানিয়ায় স্টার লাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় গুরুতর আহত স্কুলছাত্রী ঈশা দাশের (১২) মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে চট্টগ্রাম নগরের বেসরকারি রয়েল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করে ডিএমপি।
১ ঘণ্টা আগে
পঞ্চগড় জেলা শহরে বিএনপির দুই গ্রুপের মধ্যে প্রায় দুই ঘণ্টা ব্যাপী পাল্টাপাল্টি ধাওয়া ও দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছেন। গতকাল রোববার রাত ১০টার দিকে শহরের তেঁতুলিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে...
২ ঘণ্টা আগে