হবিগঞ্জের মাধবপুরের পৃথক এলাকা থেকে একই দিনে দুই তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার বাঘাসুরা ও বহরা ইউনিয়নের দুটি গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতদের একজনের আজ বিয়ে হওয়ার কথা ছিল।
নিহতরা হলেন বাঘাসুরা ইউনিয়নের হরিতলা গ্রামের খেলু মিয়ার মেয়ে স্বর্ণা (২০) এবং বহরা ইউনিয়নের আউলিয়াবাদ গ্রামের শফিকুল ইসলামের মেয়ে সুমাইয়া জান্নাত তন্নী (১৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১২টার দিকে স্বর্ণাকে নিজ ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা।
একই দিন সকালে সুমাইয়া জান্নাত তন্নী নিজ ঘরের সিলিংয়ের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেন বলে পরিবারের সদস্যরা পুলিশকে জানান। আজই তন্নীর বিয়ে হওয়ার কথা ছিল।
খবর পেয়ে মাধবপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই তরুণীর মরদেহ উদ্ধার করে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ দুই তরুণীর মরদেহ উদ্ধার করেছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তরের আবেদন করা হয়েছে।
সোহেল রানা আরও বলেন, জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।










