বড় মাছের আশায় ১০ হাজার টাকার টিকিট, শ্রীপুরে শিকারিদের উৎসব

গাজীপুরের শ্রীপুরে ১০ হাজার টাকা মূল্যের টিকিট কেটে মাছ শিকারে অংশ নিয়েছেন অর্ধশতাধিক শৌখিন মৎস্য শিকারি। শনিবার (৭ নভেম্বর) সকাল থেকে শ্রীপুর পৌরসভার কিত্তাপুকুরে এ মাছ শিকারের আয়োজন করেন পুকুরের ইজারাদার মো. কামাল হোসেন।
সরেজমিন দেখা যায়, পুকুরের দুই পাশে ছোট ছোট বাঁশের মাচা তৈরি করা হয়েছে। এসব মাচায় সারিবদ্ধভাবে বসে বড়শি দিয়ে মাছ শিকার করছেন মৎস্য শিকারিরা। কারও বড়শিতে ধরা পড়ছে বড় মাছ, আবার কারও বড়শিতে উঠছে ছোট মাছ। এদিকে পুকুরের পাড়ে মাছ শিকার দেখতে ভিড় জমিয়েছেন শত শত উৎসুক মানুষ। বড় মাছ ধরা পড়লেই দর্শনার্থীদের মধ্যে শুরু হচ্ছে আনন্দ-উল্লাস ও হইচই।
মৎস্য শিকারি মনির উদ্দিন বলেন, ‘১০ হাজার টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে সকাল থেকে মাছ শিকার করছি। মাছ ধরার জন্য বিভিন্ন ধরনের টোপ সংগ্রহ করেছি। পিঁপড়ার ডিমসহ নানা উপকরণ দিয়ে এসব টোপ তৈরি করা হয়েছে। এখন পর্যন্ত মোটামুটি ভালো মাছ শিকার হচ্ছে। তবে বড় মাছের তুলনায় ছোট মাছই বেশি ধরা পড়ছে।’
আরেক মৎস্য শিকারি মহসিন প্রধান বলেন, ‘সকাল থেকে মাছ শিকার করছি। এখন পর্যন্ত অভিজ্ঞতা ভালো। এখানে লাভ-লোকসানের হিসাব করলে চলে না। বিষয়টি অনেকটাই আনন্দের। ১০ হাজার টাকা টিকিটের মূল্য হলেও কেউ এর চেয়ে বেশি দামের মাছ পাবেন, আবার কেউ কম পাবেন।’
আয়োজক ও পুকুরের ইজারাদার মো. কামাল হোসেন বলেন, ‘১০ হাজার টাকা মূল্যের টিকিট কেটে অর্ধশতাধিক মৎস্য শিকারি এ আয়োজনে অংশ নিয়েছেন। পুকুরে দেশীয় প্রজাতির রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির কার্পজাতীয় মাছ রয়েছে। সকাল থেকেই শিকারিরা উৎসবমুখর পরিবেশে মাছ শিকার করছেন। বড় মাছ ধরা পড়লেই পুকুরপাড়ে আনন্দ-উল্লাস শুরু হয়। মৎস্য শিকারিদের পাশাপাশি মাছ ধরা উপভোগ করতে অনেক উৎসুক মানুষও পুকুরপাড়ে জড়ো হয়েছেন।’









