
স্ত্রী, তিন সন্তানসহ পাঁচজনকে হত্যার রাতে গৃহকর্তা ফোরকান মিয়ার (৪০) বাড়িতে মেহমান এসেছিল এবং দোকান থেকে তিনি পোলাওয়ের চাল এবং কিশমিশ কেনেন। নাম প্রকাশ না করার শর্তে পাশের বাড়ির একজন এসব তথ্য জানান। তিনি বলেন, ‘আমি লোকজনের কাছে শুনেছি, শুক্রবার রাতে ফোরকান দীর্ঘক্ষণ বাড়ির পাশের সড়ক দিয়ে হাঁটাহাঁটি করেন এবং মোবাইলে কথা বলেছিলেন। এ সময় তাঁর কোলে ছোট মেয়ে ফারিয়া এবং হাত ধরা ছিল মেজ মেয়ে মারিয়া।’
গতকাল রোববার সরেজমিনে দেখা যায়, বাড়ির বারান্দার স্টিলের গেটে তালা দেওয়া রয়েছে। দক্ষিণ পাশের জানালার একদিকের গ্লাস খোলা রয়েছে। সেখানে একটি হ্যাঙ্গারে একটি শার্ট ঝোলানো। জানালা দিয়ে তাকিয়ে দেখা যায়, রান্নাঘরে চিপসের প্যাকেট পড়ে আছে। পশ্চিম পাশের বারান্দার জানালা দিয়ে দেখা যায়, বেডরুমে ছোট মেয়ের লাল-হলুদ রঙের রিকশা, পড়ার টেবিলের ওপর লাল রঙের জগ, ফ্লোরে লেপ বিছানো রয়েছে। তবে ফোরকানের স্ত্রীকে আশপাশের কেউ কখনো বাড়ির বাইরে তেমন দেখেননি এবং তিনি পরকীয়া করতে পারেন, এ কথা তাঁরা বিশ্বাস করতে চান না।
গত শনিবার সকালে গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামের একটি বাড়ি থেকে ফোরকানের স্ত্রী শারমিন আক্তার, মেয়ে মীম খানম (১৫), উম্মে হাবিবা (৮), ফারিয়া (২) ও শ্যালক রসুল মিয়ার (২২) গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর থেকে ফোরকান পলাতক। পুলিশের ধারণা, তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন।
এদিকে গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গতকাল রোববার সকালে গোপালগঞ্জ সদরের পাইককান্দি উত্তর চরপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে পাশাপাশি পাঁচজনকে দাফন করা হয়। এর আগে ভোরে দুটি লাশবাহী গাড়িতে তাঁদের মরদেহ পৌঁছায়। এ সময় স্বজনদের আহাজারিতে আশপাশের পরিবেশ ভারী হয়ে ওঠে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী বলেন, ‘রাত ৮টার দিকে ফোরকান বাড়িতে আসেন। এ সময় তাঁর প্রাইভেট কার ছাড়াও আরও একটি প্রাইভেট কার আসে। ওই গাড়ি থেকে কয়েকজন লোক নামেন।’
মুদিদোকানি সুরমা আক্তার বলেন, ‘শুক্রবার রাত ৯টার দিকে সাদা টি-শার্ট পরিহিত ফোরকান ছোট মেয়েকে কোলে নিয়ে দোকানে আসেন। এসেই জিজ্ঞাসা করেন, ভাবি, কিশমিশ আছে? পরে ২টা চিপস নেন মেয়ের জন্য। এ সময় তাঁর হাতে কাপড়ের একটা ব্যাগ ছিল। বাড়িতে এলেই ছোট মেয়েকে সঙ্গে নিয়ে আসতেন। তিনি তাঁর মেয়েকে গলা কেটে হত্যা করতে পারেন, এটা বিশ্বাস হচ্ছে না।’
বাড়ির পাশে মুদিদোকানি আব্দুর রশীদ বলেন, ‘অবিশ্বাসের মতোই লাগে। বাবা তার সন্তানদের কীভাবে মারে? শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ফোরকানকে সড়ক দিয়ে হাঁটতে দেখেছি। তখন তার কোলে ছোট মেয়ে এবং সঙ্গে মেজ মেয়ে মারিয়াও ছিল।’
স্থানীয় বাসিন্দা কারিমা আক্তার বলেন, ‘শারমিন আক্তার দোষ বা ভুল করে থাকলে তাকে ছেড়ে (ডিভোর্স) দিত। কিন্তু তার মেয়ে এবং শ্যালকের কী দোষ ছিল? বাবা হয়ে মেয়েদের এভাবে হত্যা করতে পারে না। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।’
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আশফাক বলেন, ‘নিহত নারীর বাবা শাহাদাত মোল্লা মামলা করেছেন। আমাদের একাধিক টিম ঘটনার রহস্য উদ্ঘাটন এবং আসামিকে গ্রেপ্তারে কাজ করছে। আপাতত তদন্তের স্বার্থে আর কিছু বলা যাচ্ছে না।’

ময়মনসিংহ জেলার নান্দাইলে সড়ক দুর্ঘটনায় মো. শুভ মিয়া (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ৯টার দিকে উপজেলার কানুরামপুর-ত্রিশাল সড়কের চরশ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগে
মায়ের জন্য ওষুধ কিনতে বাসা থেকে বের হয় স্কুলছাত্র ইয়াছিন আরাফাত (১৭)। ৯ মাস আগে সংঘটিত হত্যাকাণ্ডের সূত্র উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নামের সঙ্গে মিল থাকায় ভুলবশত সন্দেহভাজন হিসেবে ইয়াছিনকে হত্যা করা হয়।
৪৪ মিনিট আগে
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী রেলস্টেশনের স্লিপার বসানোর কাজ বন্ধ করে দেওয়ার বিষয়ে খবর প্রকাশের পর ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির নেতারা।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র মেরামতের জন্য ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ৪১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বরাদ্দ দেওয়া হয় প্রায় ৩৭ লাখ টাকা। সেই টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৃষ্ণ চন্দ্র ও উপজেলা শিক্ষা কর্মকর্তা কবিতা নন্দীর বিরুদ্ধে।
১ ঘণ্টা আগে