
গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদের ওপর বেইলি সেতু স্থাপনের দাবিতে ঢাকা বিআরটি প্রকল্পের উড়াল সেতু অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
আজ শনিবার বেলা ১১টার দিকে ঢাকার আবদুল্লাহপুর ও টঙ্গী অংশের ব্যবসায়ীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থান নিয়ে মানববন্ধন করেন। পরে তাঁরা টঙ্গী বাজার এলাকায় উড়ালসেতু অবরোধ করে বিক্ষোভ দেখান। এতে প্রায় পৌনে এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
বিক্ষোভে অংশ নিয়ে বক্তব্য দেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সাবেক সভাপতি রাশেদুল ইসলাম কিরণ, গাজীপুর মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালা, টঙ্গী পূর্ব থানা বিএনপির দপ্তর সম্পাদক মিজানুর রহমান, যুবদল নেতা জি এম হাসান, বি এম শামীম, তৈয়ব আলী, হানিফ প্রমুখ।
ব্যবসায়ীরা জানান, রাজধানীর সঙ্গে টঙ্গীর একমাত্র যোগাযোগব্যবস্থা এই বেইলি সেতু। তুরাগ নদের ওপর তিনটি বেইলি সেতুর মধ্যে একটি সম্প্রতি ভেঙে যায়। ঢাকা বাস র্যাপিড ট্রানজিটের (বিআরটি) পক্ষ থেকে মহাসড়কের পশ্চিম পাশে থাকা আরেকটি সেতু অপসরণ করা হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন টঙ্গী বাজারের ব্যবসায়ী ও ক্রেতারা। সেতুটি সরিয়ে ফেলা হলে ক্রেতাশূন্য হয়ে পড়বে বাজার।
টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি রাশেদুল বলেন, ‘প্রায় ১০০ বছর আগে তুরাগ নদের তীরে এই বাজার গড়ে ওঠে। বেইলি ব্রিজটি সরিয়ে ফেলা হলে বাজারে ক্রেতারা আসতে পারবে না। আমরা প্রথমে সড়ক ও জনপথের প্রকৌশলীকে অবগত করেছিলাম। তিনি আমাদের ঢাকা বাস র্যাপিড ট্রানজিটের ব্যবস্থাপনা পরিচালকের কাছে যেতে বলেন। সেখানে গিয়েও কোনো সমাধান হয়নি। তাই আজ বিআরটি প্রকল্পের উড়াল সেতুতে জড়ো হয়ে বিক্ষোভ করছি।’
পরে গাজীপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী শরিফুল আলম বেইলি ব্রিজ নির্মাণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধরা। কিছুক্ষণ পর যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
নির্বাহী প্রকৌশলী শরিফুল বলেন, ‘বিআরটি প্রকল্পের অধীনে একটি ও আমাদের (সওজ) অধীনে দুটি বেইলি ব্রিজ ছিল। গত ফেব্রুয়ারি মাসে দুর্ঘটনায় একটি বেইলি ব্রিজ ভেঙে পড়ে যায়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) অনুমতি দিলে তুরাগ নদের ওপর আমরা স্থায়ীভাবে দুটি বেইলি ব্রিজ স্থাপনের ব্যবস্থা করব।’

দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) ‘আত্মহত্যার’ সময় ন্যাম ভবনের ফ্ল্যাটেই ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তিনি তখন আত্মীয়স্বজন নিয়ে ডাইনিংয়ে খাওয়া-দাওয়া করছিলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন প্রথম স্ত্রী মাকছুদা ইসলামও। এমপি নজরুল নামাজ পড়ার পরে খাওয়া-দাওয়ার আয়োজনে...
৪ ঘণ্টা আগে
রাজধানীর বারিধারায় ফুটপাতে বসে থাকা এক নির্মাণশ্রমিককে চাপা দিয়েছে দ্রুতগতির একটি প্রাইভেট কার। এতে ঘটনাস্থলেই মেহেদী হাসান (২৪) নামের ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক কিশোরকে আটক করেছে পুলিশ। তাঁর কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার নাগরিক রেহানা পারভীন হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত পলাতক আসামি তাঁর স্বামী আওলাদ হোসাইন। ২০২৪ সালের জুলাইয়ে স্ত্রী নিখোঁজ বলে প্রচার করে ফিরে যান অস্ট্রেলিয়ায়। স্ত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে মর্মে জাল মৃত্যু সনদ দেন সে দেশের সরকারি দপ্তরে। কিন্তু শেষ রক্ষা হলো না।
৫ ঘণ্টা আগে
গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত করতে তিন বছরের প্রকল্প টেনে বাড়ানো হয়েছে ১৬ বছর। ব্যয় বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে ৫৫০ কোটি টাকা। তবু দূষণমুক্ত হয়নি রাজধানীর সবচেয়ে অভিজাত এলাকার এই জলাশয়। প্রকল্পটির অনিয়ম নিয়ে উত্থাপিত অডিট আপত্তিগুলোরও বড় অংশ অনিষ্পন্ন রয়েছে।
৬ ঘণ্টা আগে