Ajker Patrika

বাড়ির ফটকের সামনে কাফন পরানো পুতুল, কী উদ্দেশ্যে রাখল দুর্বৃত্তরা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
বাড়ির ফটকের সামনে কাফন পরানো পুতুল, কী উদ্দেশ্যে রাখল দুর্বৃত্তরা
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের শিরিশগুড়ি গ্রামে মো. আলী হোসেনের বাড়ির ফটকের সামনে। ছবি: সংগৃহীত

বাড়ির প্রধান ফটকের সামনে সাদা রঙে আঁকা বৃত্ত। বৃত্তের ভেতরে যোগ চিহ্নের মতো আঁকিবুঁকি। ঠিক মাঝখানে পড়ে আছে কাফন পরানো একটি পুতুল। পুতুলটির বুকে গাঁথা তারকাঁটা। পাশে রাখা গোলাপজলের বোতল ও মোমবাতি। পুতুলটির শরীরে মাখানো লাল রং। একই রং ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে আশপাশেও। সকালে ঘুম থেকে উঠে বাড়ির ফটকে এমন অস্বাভাবিক দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির মালিক ও তাঁর পরিবারের সদস্যরা।

রোববার (২২ নভেম্বর) সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের শিরিশগুড়ি গ্রামে মো. আলী হোসেনের (৫৫) বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় ছড়িয়ে পড়েছে নানা আলোচনা ও কৌতূহল। ঘটনাটি দেখতে সকাল থেকেই বাড়ির সামনে ভিড় করছেন পাড়া প্রতিবেশীসহ আশপাশের গ্রামের লোকজন।

আলী হোসেন ওই গ্রামের করম উদ্দিনের ছেলে। তাঁর বাড়িটি ইটের দেয়াল দিয়ে ঘেরা। বাড়ির প্রধান ফটকটি সড়কসংলগ্ন। রোববার সকালে ঘুম থেকে উঠে ফটকের সামনে অস্বাভাবিক এই দৃশ্য দেখতে পান তিনি। ধানের খড় দিয়ে তৈরি পুতুলটির শরীরে লাল রং মাখানো ছিল। বুকে গাঁথা ছিল একটি তারকাঁটা।

আলী হোসেন জানান, সকালে বাড়ি থেকে বের হয়ে ফটকের সামনে এমন দৃশ্য দেখতে পান তিনি। বিষয়টি তাঁর কাছে রহস্যময় মনে হয়েছে। পরে আশপাশের লোকজনকে ডেকে এনে ঘটনাটি দেখান। কে বা কারা, কী উদ্দেশ্যে এসব করেছে, তা তিনি বুঝতে পারছেন না।

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের শিরিশগুড়ি গ্রামে মো. আলী হোসেনের বাড়ির ফটকের সামনে। ছবি: সংগৃহীত
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের শিরিশগুড়ি গ্রামে মো. আলী হোসেনের বাড়ির ফটকের সামনে। ছবি: সংগৃহীত

ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর সকাল থেকেই বাড়ির সামনে কৌতূহলী মানুষের ভিড় জমে। আশপাশের গ্রামের লোকজন এসে পুতুলটি দেখছেন এবং মুঠোফোনে ছবি তুলছেন। কেউ কেউ বাড়ির মালিকের কাছে ঘটনার বিস্তারিত জানতে চাইছেন। অস্বাভাবিক এই ঘটনা ঘিরে এলাকায় আতঙ্কও ছড়িয়ে পড়েছে।

ঘটনাস্থল দেখতে আসা ব্যক্তিদের কেউ কেউ বিষয়টিকে কালোজাদু বা তন্ত্রমন্ত্রের সঙ্গে মিলিয়ে দেখছেন। আবার অনেকের ধারণা, বাড়ির মালিক ও তাঁর পরিবারের সদস্যদের ভয় দেখানোর উদ্দেশ্যে দুর্বৃত্তরা এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

আলী হোসেনের প্রতিবেশী স্বাস্থ্যকর্মী রুহুল আমিন বলেন, আলী হোসেন তাঁকে ডেকে নিয়ে বাড়ির ফটকের সামনের দৃশ্যটি দেখিয়েছেন। তাঁর জানা মতে, ওই গ্রাম ও আশপাশের এলাকায় আগে কখনো এমন ঘটনা ঘটেনি। এ ঘটনার পর থেকে আলী হোসেন ভয়ের মধ্যে রয়েছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত