Ajker Patrika

শ্রীপুরে বিকাশের ২ কোটি ৩০ লাখ টাকা ডাকাতি: ছাত্রলীগ নেতা ইমরানসহ গ্রেপ্তার ২

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ২১: ২২
শ্রীপুরে বিকাশের ২ কোটি ৩০ লাখ টাকা ডাকাতি: ছাত্রলীগ নেতা ইমরানসহ গ্রেপ্তার ২
ডাকাতির ঘটনায় গোয়েন্দা পুলিশ (ডিবি) দুজনকে গ্রেপ্তার করেছে। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে বিকাশের কর্মকর্তাদের গুলি করে ২ কোটি ৩০ লাখ টাকা ডাকাতির ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইমরান শেখসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঘটনার প্রায় দেড় মাস পর গত বুধবার (১৯ নভেম্বর) মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ইমরান শেখকে গ্রেপ্তার করা হয়। পরদিন বৃহস্পতিবার (২০ নভেম্বর) শ্রীপুর থেকে তাঁর সহযোগী মো. রবিন আহমেদকে গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাতিতে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার এ তথ্য জানিয়েছেন গাজীপুর জেলা পুলিশের ডিআইও-১ আবুল বাশার।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নরসিংদীর বিভিন্ন বিকাশ এজেন্টের কাছ থেকে টাকা সংগ্রহ করে মাওনায় ফিরছিলেন বিকাশের তিন কর্মকর্তা। তাঁদের বহনকারী প্রাইভেট কারটি শ্রীপুরের কর্ণপুর এলাকায় পৌঁছালে ১০ থেকে ১৫টি মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত গাড়িটির গতিরোধ করে।

পরে দুর্বৃত্তরা গাড়ির কাচ ভেঙে ভেতরে থাকা বিকাশের ক্যাশ ম্যানেজার হিমেল আহমেদের পেটে গুলি করে। তাঁকে গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয়। এ সময় অন্য দুই কর্মকর্তা ও গাড়িচালককেও পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা। পরে গাড়িতে থাকা টাকার তিনটি বস্তার মধ্যে দুটি নিয়ে পালিয়ে যায় তারা। পরে হিসাব করে ওই দুই বস্তায় ২ কোটি ৩০ লাখ টাকা ছিল বলে নিশ্চিত হয় পুলিশ।

এ ঘটনায় গুলিবিদ্ধ হন মাওনা বিকাশের ক্যাশ ম্যানেজার হিমেল আহমেদ (৩৫)। আহত হন ভালুকা এন্টারপ্রাইজ শ্রীপুরের ডিসিএম ফাহাদ হোসেন (৩০), মাওনা বিকাশের সুপারভাইজার রিফাত আহমেদ (২০) এবং গাড়িচালক লাল মিয়া (২৫)।

পুলিশ জানায়, ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেলা ডিবির একটি দল ১৯ নভেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার গিয়াসনগর এলাকা থেকে ইমরান শেখকে গ্রেপ্তার করে। পরদিন ২০ নভেম্বর শ্রীপুরের কেওয়া পশ্চিমখণ্ডের চন্নাপাড়া আশ্রয়ণ প্রকল্প এলাকায় অভিযান চালিয়ে তাঁর সহযোগী রবিন আহমেদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, অস্ত্র উদ্ধারের ঘটনায় রবিনের বিরুদ্ধে শ্রীপুর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। ইমরান শেখের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, মাদক, মারামারি ও ডাকাতির অভিযোগে সাতটি মামলা রয়েছে। অন্যদিকে রবিন আহমেদের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মাদক-সংক্রান্ত তিনটি মামলা বিচারাধীন।

গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ডাকাতির ঘটনায় লুট হওয়া টাকা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত