
গাজীপুরের শ্রীপুরে গাজীপুর সাফারি পার্কে পর্যটকদের মারধরের অভিযোগে মামলা হয়েছে। মামলায় পার্কের ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে। গতকাল শনিবার রাতে নারী পর্যটক সালমা মোস্তারী শ্রীপুর থানায় মামলাটি দায়ের করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম আজ রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার বিকেলে সাফারি পার্কে তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটির জেরে এক নারী পর্যটক, তাঁর দুই ছেলে ও গাড়িচালককে বন বিভাগের কর্মীরা মারধর করেছেন বলে অভিযোগ ওঠে। ঘটনায় পাল্টা বন বিভাগের এক কর্মীকে মারধরের অভিযোগও ওঠে পর্যটকদের বিরুদ্ধে।
ঘটনার পর ওইদিনই বন বিভাগ মো. ফরহাদ নামের এক কর্মীকে বরখাস্ত করে।
মামলার এজাহার ও বাদীর সঙ্গে কথা বলে জানা গেছে, সালমা মোস্তারী পরিবারের সদস্যদের নিয়ে শনিবার গাজীপুর সাফারি পার্কে বেড়াতে যান। পার্কের পর্যটকবাহী বাসে ওঠার সময় গাড়ির ভেতরে ময়লা-আবর্জনা থাকায় বিষয়টি কর্মীদের জানান তাঁরা। ময়লা-আবর্জনার বিষয়টি নিয়ে পার্কের কর্মীদের সঙ্গে সালমাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁদের বহনকারী বাসটি নির্ধারিত স্থানে না থামিয়ে পার্ক অফিসে নেওয়া হয়।
সালমার অভিযোগ, পার্ক অফিসে নেওয়ার পর তাঁকে, তাঁর দুই ছেলে মো. জারিফ ও মো. মাহিন এবং গাড়িচালক মো. রাসেলকে মারধর করা হয়। এ সময় তাঁর স্বর্ণের চেইন ও ব্যাগে থাকা টাকা নিয়ে যাওয়ার পাশাপাশি তাঁর ও দুই ছেলের মুঠোফোন ভাঙচুর করা হয় বলেও অভিযোগ করেন তিনি।
ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে শ্রীপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে।
বন বিভাগের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, মো. মুমিন নামের এক কর্মীকে ওই পর্যটক ও তাঁর সঙ্গে থাকা ব্যক্তিরা মারধর করেছেন। আহত মুমিনকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় পার্কের আউটসোর্সিং কর্মী মো. ফরহাদকে বরখাস্ত করা হয়েছে। অপর এক কর্মী পর্যটকদের হামলায় আহত হয়েছেন। আমরাও আইনগত পদক্ষেপ নেব। সেই প্রক্রিয়া চলমান।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘মামলা হয়েছে। এখনো কোনো আসামি গ্রেপ্তার হয়নি। মামলার পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
শাহীনুর আলম আরও জানান, সাফারি পার্ক কর্তৃপক্ষ পাল্টা একটি লিখিত অভিযোগ দিয়েছে।

চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার প্রশ্নে অর্থনীতিবিদ আনু মুহাম্মদ বলেছেন, সরকার মুখে ‘সবার আগে বাংলাদেশ’ বললেও কাজকর্মে ‘সবার পরে বাংলাদেশ’ দেখা যাচ্ছে। চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার তৎপরতা দেশের অর্থনীতি ও জাতীয় সক্ষমতার জন্য বড় ধরনের হুমকি বলেও মন্তব্য করেন তিনি।
১৪ মিনিট আগে
বিএনপিকে ক্ষমতার অপপ্রয়োগ ও দলীয়করণ বন্ধের আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ‘শুধু দলীয় কর্মী দেখে অপরাধীদের আশ্রয় দেওয়া শুরু করলে বিএনপি একদিন অপরাধের অভয়ারণ্যে পরিণত হবে।’
১৭ মিনিট আগে
নাসা গ্রুপের চেয়ারম্যান ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এবং তাঁর স্ত্রী নাসরিন ইসলামের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে যুক্তরাজ্যের জার্সিতে থাকা প্রায় ৫৩ লাখ পাউন্ড অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক...
২৭ মিনিট আগে
দীর্ঘ ১৫ বছর সৌদি আরবে কাজ করার পর দেশে ফেরার জন্য জেদ্দার উদ্দেশে রওয়ানা দিয়েছিলেন সিলেটের কানাইঘাট উপজেলার আব্দুল করিম ও তাঁর ছেলে। কিন্তু বিমানবন্দরে পৌঁছানোর আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন আব্দুল করিম। আর গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন তাঁর ছেলে। তাঁদের সঙ্গে থাকা খালিদ, আমিন মিয়া ও
৩৯ মিনিট আগে