Ajker Patrika

মোটরসাইকেলে ছেলেকে নিয়ে বেড়াতে যাচ্ছিলেন মা-বাবা, গাড়ির ধাক্কায় গেল প্রাণ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ২০: ২১
মোটরসাইকেলে ছেলেকে নিয়ে বেড়াতে যাচ্ছিলেন মা-বাবা, গাড়ির ধাক্কায় গেল প্রাণ
বুধবার বেলা সোয়া ২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর ফ্লাইওভারে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী ও তাঁদের শিশুসন্তান নিহত হয়েছে। আজ বুধবার বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলো গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার দেওলিয়াবাড়ী এলাকার মামুন হোসেন, তাঁর স্ত্রী শিমু আক্তার ও তাঁদের আট বছর বয়সী ছেলে আরাফাত হোসেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে মামুন হোসেন স্ত্রী ও শিশুসন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে কোনাবাড়ী থেকে টাঙ্গাইলের দিকে যাচ্ছিলেন বেড়াতে। বেলা আড়াইটার দিকে মোটরসাইকেলটি সফিপুর ফ্লাইওভারে পৌঁছালে পেছন থেকে টাঙ্গাইলগামী একটি গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ধাক্কায় তিনজনই মোটরসাইকেল থেকে ছিটকে ফ্লাইওভারের ওপর পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে নাওজোর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর মোরশেদ বলেন, নিহত মামুন হোসেন পেশায় দন্তচিকিৎসক ছিলেন। তিনি রংপুরের মোফাজ্জল হোসেনের ছেলে। গাজীপুরে বিয়ে করে সেখানেই বসবাস করছিলেন।

ওসি আরও বলেন, পালিয়ে যাওয়া ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত