আন্দোলনের মুখে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তিন দিনের ছুটি, মধ্যরাতে পুলিশি নিরাপত্তায় ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

সুপ্রিম কোর্টের রায় বাস্তবায়ন, জ্যেষ্ঠতা পুনর্বহাল ও পদোন্নতির দাবিতে দিনভর আন্দোলন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। আন্দোলনের একপর্যায়ে উপাচার্যের কার্যালয় ঘেরাও করে তাঁকে অবরুদ্ধ করে রাখেন তাঁরা। উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের সব অফিসে তিন দিনের ছুটি ঘোষণা করা হয়। পরে মধ্যরাতে পুলিশি নিরাপত্তায় ক্যাম্পাস ত্যাগ করেন উপাচার্য (ভিসি) অধ্যাপক এ এস এম আমানুল্লাহ।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টা থেকে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে আন্দোলন শুরু করেন কর্মকর্তা-কর্মচারীরা। একপর্যায়ে তাঁরা উপাচার্যের কার্যালয় ঘেরাও করে তাঁকে অবরুদ্ধ করেন। এতে দিনভর ব্যাহত হয় বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম।
আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে, উচ্চ আদালতের নির্দেশে চাকরি ফিরে পাওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর আগের জ্যেষ্ঠতা পুনর্বহাল, পদোন্নতি এবং বিদ্যমান পে-স্কেল অনুযায়ী বকেয়া বেতন-ভাতা পরিশোধ।

এদিকে বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতির কারণে তিন দিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইশেবা তাসনীম সিরাজ এক বার্তায় ছুটি ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।
দীর্ঘ সময় ধরে চলা আন্দোলনের পর সোমবার রাত সাড়ে ১১টার দিকে তিন দিনের ছুটি ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর আন্দোলনকারীরা ক্যাম্পাস থেকে সরে গেলে পুলিশি নিরাপত্তায় বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ।









