Ajker Patrika

চুরির অপবাদে গাছের সঙ্গে বেঁধে বৃদ্ধাকে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল

গাইবান্ধা প্রতিনিধি
চুরির অপবাদে গাছের সঙ্গে বেঁধে বৃদ্ধাকে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল
গাইবান্ধার বালাআটা গোবিন্দপুর গ্রামে গাছের সঙ্গে বেঁধে মানসিক ভারসাম্যহীন নারীকে নির্যাতন করা হয়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত

গাইবান্ধায় চুরির অপবাদ দিয়ে মানসিক ভারসাম্যহীন ৬৫ বছর বয়সী এক বৃদ্ধাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে প্রতিবেশী সাদা মিয়ার (৩৫) বিরুদ্ধে। ওই নারীর হাত-পা রশি দিয়ে বেঁধে মারধর করা হয়। এতে আহত নারী বর্তমানে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী নারীর ছেলে মো. গোলাপ উদ্দিন (২৩) গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। শুক্রবার দুপুরে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি নাজমুল হুদা।

এর আগে গত সোমবার (২ নভেম্বর) গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বালাআটা গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। তবে বৃহস্পতিবার নির্যাতনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপকভাবে জানাজানি হয়।

নির্যাতনের শিকার নারীর নাম গোলাপী বেগম (৬৫)। তিনি ওই গ্রামের মৃত মজিবর রহমানের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি মানসিক ভারসাম্যহীন। অভিযুক্ত সাদা মিয়া একই এলাকার মৃত দারোগ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার গোলাপী বেগমের বিরুদ্ধে চুরির অভিযোগ তোলা হয়। এরপর তাঁকে একটি গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে মারধর করা হয়। তবে কী চুরির অভিযোগে তাঁকে নির্যাতন করা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

ফেসবুকে ছড়িয়ে পড়া ১৪ সেকেন্ডের ভিডিওতে ওই নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করতে দেখা যায়। এ সময় তাঁকে চিৎকার করতেও শোনা যায়। পরে আহত অবস্থায় তাঁকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের করিডরে অতিরিক্ত ২২ নম্বর শয্যায় রেখে তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, ‘মানসিক ভারসাম্যহীন এক নারীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী নারী হাসপাতালে ভর্তি রয়েছেন।’

গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) আসিফ রহমান বলেন, শয্যাসংকটের কারণে ওই নারীকে হাসপাতালের করিডরে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত