Ajker Patrika

কলার হাটে ক্রেতার খরা, দাম না পেয়ে হতাশ চাষিরা

গাইবান্ধা প্রতিনিধি
কলার হাটে ক্রেতার খরা, দাম না পেয়ে হতাশ চাষিরা
ঢাকা–রংপুর  মহাসড়কের দক্ষিণ বন্দর কলার হাটে পাইকার ও কলাচাষিদের মধ্যে দর-কষাকষি। ছবি: আজকের পত্রিকা

উত্তরাঞ্চলে বড় কলার হাটের মধ্যে অন্যতম গাইবান্ধার পলাশবাড়ী দক্ষিণ বন্দর কলার হাট। কাকডাকা ভোর থেকে কলা নিয়ে এই হাটে আসেন চাষিরা, বেচাকেনা চলে দুপুর পর্যন্ত। সপ্তাহে শনিবার ও বুধবার বসে কলার হাট। বর্তমানে হাটে বাইরের জেলা থেকে পাইকার না আসায় বেচাকেনা কমে গেছে।

কলা চাষসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, জেলার গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলা কলা চাষের জন্য বেশ উপযোগী। কলা চাষ একসময় অন্যান্য ফসলের তুলনায় লাভজনক ছিল। বর্তমানে কীটনাশক, সার ও শ্রমিকের খরচ বেশি। তাই লাভের মুখ দেখা তো দূরের কথা, পুঁজিই তোলা কঠিন হয়ে পড়েছে।

গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, জেলার সাতটি উপজেলায় গত বছর ৯৪০ হেক্টর জমিতে কলা চাষ হয়েছে। তবে চলতি মৌসুমে কলার চাষ অনেক কম হয়েছে।

দক্ষিণ বন্দর কলার হাটে গিয়ে দেখা গেছে, হাটজুড়ে সারি সারি কলার কাঁদি সাজানো রয়েছে। পাইকার ও কলাচাষিদের মধ্যে দর-কষাকষি চলছে।

পলাশবাড়ীর মেরিরহাট এলাকার কলাচাষি মোশারফ হোসেন বলেন, অন্যান্য ফসলের তুলনায় কলা চাষে খরচ কম, লাভ বেশি ছিল। তাই এলাকার কৃষকেরা কলা চাষ করতেন। তবে বর্তমান বাজার খারাপ। কলার হাটে ঢাকাসহ বিভিন্ন প্রান্তের পাইকারেরা আসছে না। তাই কম দামে কলা বিক্রি করতে হচ্ছে।

গোবিন্দগঞ্জের কোমরপুরের কলাচাষি আব্বাস উদ্দিন বলেন, কলা চাষে প্রতি বিঘা জমিতে বছরে ২০-২৫ হাজার টাকা খরচ হয়। এক বছর পর বাজার ভালো থাকলে লাখ টাকার বিক্রি করা যায়। কিন্তু এ বছর কলার দাম কম। তাই নিজের শ্রম আর খরচ তোলা মুশকিল হয়ে পড়ছে।

সাদুল্লাপুরের ধাপেরহাট এলাকার কাজল আহমেদ কলা নিয়ে এসেছেন। তিনি বলেন, ‘স্থানীয় পাইকারেরা এ হাট থেকে কলা কিনে শহর থেকে বিভিন্ন উপজেলা শহরে পাঠাচ্ছেন। দাম একেবারে কম বলছেন। ৩০০-৩৫০ টাকার কাঁদি মাত্র ২০০ থেকে ২৫০ টাকা বলছেন। এ দামে কলা বিক্রি করলে আমরা ক্ষতিগ্রস্ত হব।’

আবু কায়সার নামের আরেকজন বলেন, ‘এ বছর আড়াই বিঘা জমিতে কলার চাষ করেছি। ফলন বেশ ভালোই হয়েছে। কিন্তু দাম নেই। প্রতিটি কলার কাঁদি ৩৭০ টাকা করে বিক্রি করেছি।’ তিনি বলেন, হাটে যে কলা হালি ৮-১০ টাকা। কিন্তু এই কলাই পেকে চা-দোকানসহ অন্য দোকানে বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকা। শুধু চাষিরা দাম পাচ্ছেন না।

তবে স্থানীয় কলা ব্যবসায়ী মো. কাজল মিয়ার বক্তব্য একটু ভিন্ন। তিনি বলেন, ‘হাটে মোটামুটি ভালো কলা উঠছে। ভালো মানের কলার দাম আছে। শীতের মৌসুমে কলার দাম একটু কম হবে, এটা স্বাভাবিক। হাটে যেমন দামে কিনি, কিছু লাভ রেখেই তা আমরা বিক্রি করি।’

হাটের ইজারাদার রাহান মিয়া বলেন, জেলার বাইরে থেকে পাইকারেরা এলে কলাচাষিরা আরও ভালো দাম পেতেন। তবে বর্তমানে একেবারে কলার দাম কম না। তারপরও প্রতি হাটে ৩০-৩৫ লাখ টাকার কলা বিক্রি হয়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. আসাদুজ্জামান বলেন, এই অঞ্চলের মাটি ও আবহাওয়া কলা চাষের জন্য বেশ উপযোগী। কলা চাষে প্রচুর কীটনাশক প্রয়োজন হয়। বাজারে কলার ন্যায্য দাম নিশ্চিত করতে পারলেই কৃষকেরা কলা চাষে আগ্রহ ধরে রাখবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত