সন্ত্রাস করে দেশে ফেরার স্বপ্ন দেখলে বোকার স্বর্গে বাস করছেন: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানে জনরোষের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শাসক ও তাদের নেতাদের আর কখনোই দেশে ফিরে আসার সুযোগ নেই। ইতিহাস বলে, গণ-অভ্যুত্থানে পরাজিত কোনো স্বৈরশাসক সন্ত্রাস, নৈরাজ্য কিংবা মানুষের মধ্যে ভীতি ছড়িয়ে ক্ষমতায় ফিরতে পারেনি। যারা দেশ ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশে ফিরে আসার স্বপ্ন দেখছেন, তারা বোকার স্বর্গে বাস করছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জে আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে খাল খননের স্থান নির্ধারণ করতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। পতিত ফ্যাসিস্টরা যেভাবেই দিন-তারিখ গুনুক না কেন, তাদের আর ফিরে আসার সুযোগ নেই। দেশের জনগণই তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবে।
এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য মমতাজ আলো, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ডা. ময়নুল হাসান সাদিক, জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শরিফুল ইসলামসহ বিএনপির স্থানীয় নেতা–কর্মীরা।









