
ফেনীর মহিপালে বাসায় ঢুকে এক গৃহবধূকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়েছে দুই ব্যক্তি। বুধবার (১৯ আগস্ট) সকালে শহরের মহিপাল মুসলিম ভূঁইয়া বাড়ির রেহান ম্যানশনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর দাবি, মাত্র ১৫ মিনিটের মধ্যে তারা নগদ ১০ লাখ ৬০ হাজার টাকা ও ১২-১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।
ভুক্তভোগী গৃহবধূ শাহানা আক্তার জানান, ঘটনার সময় তিনি বাসায় একা ছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে দুই ব্যক্তি বাসায় ঢুকে ধারালো অস্ত্র দেখিয়ে তার মুখ চেপে ধরে এবং তাঁকে বাথরুমে আটকে রাখে। পরে ঘরে থাকা টাকা ও স্বর্ণালংকার নিয়ে তারা চলে যায়।
বাসার সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকাল ৮টা ৩৭ মিনিটে টি-শার্ট ও নীল ক্যাপ পরা একজন এবং কাঁধে ব্যাগ নিয়ে সাদা টুপি ও শার্ট পরা আরেকজন রেহান ম্যানশনের সিঁড়ি দিয়ে দ্বিতীয় তলায় ওঠে। সকাল ৮টা ৩৮ মিনিট ৫৫ সেকেন্ডে তারা বাসার কলবেল চাপে। শাহানা আক্তার দরজা খুললে টুপি পরা ব্যক্তি তাঁর মুখ চেপে ধরে তাঁকে ঘরের ভেতরে নিয়ে যায়।
সিসিটিভি ফুটেজে ওই দুই ব্যক্তিকে বাসায় প্রবেশ ও বের হতে দেখা যায়। পরবর্তী ফুটেজে সকাল ৮টা ৫৫ মিনিটে তাদের বাসা থেকে বের হতে দেখা যায়। ৮টা ৫৫ মিনিট ২১ সেকেন্ডে তারা ভবন থেকে বের হয়ে যায়।
ভুক্তভোগী গৃহবধূ শাহানা আক্তার বলেন, ‘দুই অজ্ঞাত ব্যক্তি বাসায় ঢুকে ধারালো অস্ত্র দেখিয়ে মুখ চেপে ধরে আমাকে বাথরুমে বন্দী করে রাখে। তখন আমার ছেলে স্কুলে থাকায় বাসায় একা ছিলাম। তারা আমার সন্তানকে বাসার নিচে জিম্মি করা হয়েছে বলে জানায়। এরপর ঘরে থাকা টাকা ও স্বর্ণালংকার নিয়ে বেরিয়ে যায় তারা দুজন। পরে আমার শোর-চিৎকার শুনে পাশের বাসার এক ব্যক্তি এসে দরজা খুলে আমাকে সেখান থেকে বের করেন। বের হয়ে দেখি ঘরের সবকিছু এলোমেলো হয়ে পড়ে আছে।’
শাহানা আক্তারের দাবি, বাসা থেকে নগদ ১০ লাখ ৬০ হাজার টাকা ও ১২-১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে ওই দুই ব্যক্তি। বাড়ির নির্মাণকাজের জন্য মাসখানেক আগে ব্যাংক থেকে টাকা তুলে বাসায় রাখা হয়েছিল। তাঁর বোনের ১০ ভরি স্বর্ণালংকার একটি কাঁথায় মোড়ানো ছিল। সেগুলো চোরেরা দেখতে না পাওয়ায় পরে পুলিশ এসে উদ্ধার করে তাঁর হাতে তুলে দেয়।
গৃহবধূ জানান, তাঁর স্বামী সৌদিপ্রবাসী। তিনি বুধবার দেশে ফেরার উদ্দেশ্যে রওনা হয়েছেন। স্বামী দেশে ফেরার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
খবর পেয়ে ফেনী মডেল থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
ফেনী মডেল থানা-পুলিশের উপপরিদর্শক অলি আহাদ বলেন, ঘটনাস্থলে গিয়ে ১০ ভরি স্বর্ণালংকার পড়ে থাকতে দেখে তা গৃহবধূর হাতে তুলে দেওয়া হয়েছে। বাসায় বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকার থাকার তথ্য জানতেন—এমন কেউ এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশ জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে কাজ করছে।

ডিআইজি বলেন, মাদক কারবারি, মাদকসেবী, ডিলার, গডফাদার, অর্থদাতা ও বিনিয়োগকারী—কাউকেই ছাড় দেওয়া হবে না। দেশে সংঘটিত অপরাধের অর্ধেকের বেশি আসামি কোনো না কোনোভাবে মাদক সেবনের সঙ্গে জড়িত। মানুষকে মাদক থেকে দূরে রাখতে পারলে অপরাধ অনেকাংশে কমে আসবে।
১২ মিনিট আগে
ঢাকার আশুলিয়ায় নিখোঁজের কয়েক ঘণ্টা পর আব্দুর রহমান (৫) নামের এক শিশুর হাত-পা বাঁধা বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় ধামসোনা ইউনিয়নের ভাদাইল বাজার চৌরাস্তা এলাকার একটি তিনতলা ভবনের ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়...
৩০ মিনিট আগে
স্থানীয়দের অভিযোগ, ওই বস্তির আয়না নামে এক ব্যক্তির বাড়িতে নিয়মিত মাদকের কেনাবেচা চলে। সেখানে মাদকের পাশাপাশি অসামাজিক কার্যকলাপও চলে বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া বিভিন্ন সময় পথচারী ও বাইরে থেকে আসা লোকজনকে আটকে ভয়ভীতি দেখিয়ে টাকাপয়সা হাতিয়ে নেওয়ার অভিযোগও করেন স্থানীয়রা।
১ ঘণ্টা আগে
স্থানীয়রা জানান, এর আগেও চুরির ঘটনায় নাইম গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছেন। কারাগার থেকে বের হওয়ার পর পুনরায় তিনি চুরি-ডাকাতিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। জগৎপট্টি, জগন্নাথকাঠি ও শর্ষিনা ছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় তাঁর বিরুদ্ধে চুরির অভিযোগ রয়েছে বলে দাবি স্থানীয়দের।
২ ঘণ্টা আগে