
ফেনীর সোনাগাজীতে বড় ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও সরকারি জমি দখল করে মাছের প্রকল্প তৈরির অভিযোগে মামলা করা হয়েছে। আমিরাবাদ ইউনিয়ন ভূমি অফিসের ভারপ্রাপ্ত ভূমি সহকারী কর্মকর্তা মো. বেলায়েত হোসেন বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ করে এবং আরও ৫০-৫৫ জনকে অজ্ঞাত আসামি দিয়ে সোনাগাজী মডেল থানায় এ মামলা করেন। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকন এ তথ্য নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন—আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান, জেলা যুবদলের সাবেক সহসভাপতি মহিউদ্দিন মহিম, নুর আলম, নিজাম উদ্দিন, মিরসরাই বিএনপি নেতা শেখ ফরিদ মেম্বার, জেলা ছাত্রদলের সদস্য শরিফুল ইসলাম রানা মুন্সি, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ মাসুদ, আজিজ মেম্বার, শাহজাহান সাজু, হক সাহাব, ছাত্রদল নেতা নুর আলম শামীম, মাসুদ, যুবদল নেতা নিজাম হাজারীর ভাগিনা হায়দার আলী মাসুদ ভূঁঞা, রিপন, রাজু, মিলন ভূঁঞা ও উপজেলা মৎস্যজীবী দলের সদস্যসচিব আব্দুল আউয়াল সজীব।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ থেকে ২৯ আগস্ট পর্যন্ত নবাবপুর ইউনিয়নের রঘুনাথপুর ও মোবারকঘোনার বড় ফেনী নদীর পাড় থেকে আসামিরা অবৈধভাবে ড্রেজিং মেশিন ব্যবহার করে বালু-মাটি উত্তোলন ও সরকারি জমি দখল করে মাছের প্রকল্প স্থাপন করে। এতে নদীর তীর ভাঙন ও বসতবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। অন্যদিকে, ৯ থেকে ৩০ আগস্ট পর্যন্ত আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর এলাকার কলমির চর থেকে আরেক দল আসামি ভেকু মেশিন ব্যবহার করে সরকারি জমি কেটে মাটি উত্তোলন, জমির শ্রেণি পরিবর্তন ও মাছের প্রকল্প স্থাপন করেছে।
এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধনী ২০২৩); ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এবং পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ লঙ্ঘন করেছে। এ বিষয়ে প্রশাসন একাধিকবার যৌথ অভিযান পরিচালনা করলেও আসামিরা পুনরায় অবৈধভাবে বালু উত্তোলন ও সরকারি জমি দখল কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এ ব্যাপারে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকন বলেন, এ ঘটনায় বুধবার থানায় একটি মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ময়মনসিংহের নান্দাইলে নির্মাণাধীন ভবনের কাজে বাধা ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সদস্য মো. শহীদুজ্জামান মিল্টনের বিরুদ্ধে। ভুক্তভোগী শফিকুল ইসলাম নান্দাইল মডেল থানা ও গৌরিপুর সেনাবাহিনী ক্যাম্পে লিখিত অভিযোগ দিয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানান।
১৬ মিনিট আগে
চট্টগ্রামের বাকলিয়ায় চার বছরের শিশু ধর্ষণ মামলার একমাত্র আসামি মনির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বুধবার বিকেলে চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল এ রায় দেন।
২২ মিনিট আগে
ময়মনসিংহের হালুয়াঘাটে সামান্য বৃষ্টিতেই পশ্চিম রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ৫০০ মিটার কাঁচা সড়ক পানিতে তলিয়ে যায়। এতে ১৯৭ শিক্ষার্থীসহ কয়েক গ্রামের মানুষকে হাঁটুপানি মাড়িয়ে চলাচল করতে হয়। সড়ক সংস্কারে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা।
২৮ মিনিট আগে
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় স্বামীর হাত-পা ও মুখ বেঁধে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার (১৬ জুন) দিবাগত মধ্যরাতে উপজেলার পাগলা থানা এলাকায় এই ঘটনা ঘটে। আজ বুধবার ওই গৃহবধূর মা বাদী হয়ে আটজনকে অভিযুক্ত করে পাগলা থানায় অভিযোগ দায়ের করেছেন।
৩১ মিনিট আগে