
ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার সরকারি ভবনের ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্পগুলোর মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি থেকে মোট ৯৬২ দশমিক ৫ কিলোওয়াট বা শূন্য দশমিক ৯৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তৈরি হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে ফুলগাজীর জেলা পরিষদ ডাকবাংলোয় রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠানে পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানুসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির তথ্য অনুযায়ী, সরকারি ভবনে স্থাপিত দেশের প্রথম এই সৌরবিদ্যুৎ প্রকল্পে নেট মিটারিং ব্যবস্থায় উৎপাদিত বিদ্যুৎ প্রথমে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের নিজস্ব চাহিদা পূরণে ব্যবহৃত হবে। অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।
ফুলগাজী উপজেলায় উপজেলা পরিষদ ভবন, জেলা পরিষদ ডাকবাংলো ও ছয়টি ইউনিয়ন পরিষদ ভবনসহ আটটি সরকারি স্থাপনায় সৌর প্যানেল বসানো হয়েছে। এসব স্থাপনায় মোট ২৪৯ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তৈরি হয়েছে।
ফুলগাজীর ছয়টি ইউনিয়ন পরিষদ ভবনের প্রতিটিতে প্রায় ২৫ কিলোওয়াট ক্ষমতার সৌর প্যানেল স্থাপন করা হয়েছে। উপজেলা পরিষদ ভবনে স্থাপিত ব্যবস্থাটির সক্ষমতা প্রায় ১০৩ কিলোওয়াট।
ছাগলনাইয়া উপজেলায় উপজেলা পরিষদ ভবন, পৌরসভা ভবন, ডাকবাংলো ও ইউনিয়ন পরিষদ ভবনের ছাদসহ মোট ১২টি স্থাপনায় সৌর প্যানেল বসানো হয়েছে। এসব স্থাপনায় মোট ৪১৫ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তৈরি হয়েছে।
পরশুরাম উপজেলায় উপজেলা পরিষদ ভবন, অডিটোরিয়াম ভবন, তিনটি ইউনিয়ন পরিষদ ভবন ও জেলা পরিষদ ডাকবাংলোসহ মোট ছয়টি স্থাপনায় সৌর প্যানেল স্থাপন করা হয়েছে। এসব স্থাপনায় বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ২৯৮ দশমিক ৫ কিলোওয়াট।
প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে দেওয়া হলেও মোট ব্যয়ের সুনির্দিষ্ট হিসাব পাওয়া যায়নি। ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. নুরুল হোসাইন জানান, তিন উপজেলায় প্রকল্প বাস্তবায়নে আনুমানিক ৫ থেকে সাড়ে ৫ কোটি টাকা ব্যয় হতে পারে।
ফেনী সফরের কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী দুপুর আড়াইটার দিকে পরশুরামে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের উদ্বোধন এবং শুভেচ্ছা বিনিময় করেন। পরে ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তিনি।
বিকেলে ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কক্সবাজার শহরের স্ট্যান্ড পার্ক রিসোর্টের শৌচাগার থেকে কুলছুমা আকতার নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হোটেল কর্তৃপক্ষের ভাষ্য, স্বামী পরিচয়ে তাঁর সঙ্গে থাকা ব্যক্তি পলাতক। জিজ্ঞাসাবাদের জন্য দুই হোটেলকর্মীকে হেফাজতে নেওয়া হয়েছে।
১৫ মিনিট আগে
তিন মাস ধরে ঘরের দরজা খুললেই যে মুখটি খুঁজতেন আলী হোসেন, সেই মুখের দেখা মিলছিল না কোথাও। স্ত্রী আলেয়া বেগম কোথায়, কেমন আছেন—এই উৎকণ্ঠায় কেটেছে দিনের পর দিন। আত্মীয়ের বাড়ি, রেলস্টেশন, বাসস্ট্যান্ডসহ সম্ভাব্য নানা জায়গায় খুঁজেও সন্ধান না পেয়ে ভেঙে পড়েছিল পরিবার।
২০ মিনিট আগে
নাটোরের বড়াইগ্রামে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে সাইম আহম্মেদ নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার জোনাইল ইউনিয়নের কুশমাইল গ্রামে এ ঘটনা ঘটে। সাইম আহম্মেদ উপজেলার কুশমাইল গ্রামের শাকিব হোসেনের ছেলে।
৩১ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে চোরাচালানের নিয়ন্ত্রণ ও ভাগাভাগিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গোলাম মস্তফা টেঙ্গর (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষে গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে উভয় পক্ষের অন্তত সাতজন গুরুতর আহত হয়েছেন।
৪১ মিনিট আগে