Ajker Patrika

ফরিদপুরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের দাবি, ভাঙ্গায় মশাল মিছিল থেকে আটক ৩

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের দাবি, ভাঙ্গায় মশাল মিছিল থেকে আটক ৩
ফরিদপুরের নগরকান্দায় মঙ্গলবার সকাল ৮টায় ঢাকা-বরিশাল মহাসড়কে মিছিল করার দাবি করেছে জেলা ছাত্রলীগ। ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির সমর্থনে ফরিদপুরের নগরকান্দায় ঢাকা-বরিশাল মহাসড়কে মিছিল করার দাবি করেছে জেলা ছাত্রলীগ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৮টার দিকে এ মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে দাবি সংগঠনটির। তবে মহাসড়কে মিছিলের বিষয়টি অস্বীকার করেছে পুলিশ। এদিকে ভাঙ্গায় মশাল মিছিল থেকে তিন কিশোরকে আটক করেছে পুলিশ।

সকাল ৯টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি তামজীদুল রশিদ চৌধুরী রিয়ান তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে মিছিলের এক মিনিটের একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে শতাধিক ব্যক্তিকে বিভিন্ন স্লোগান দিয়ে সামনে এগিয়ে যেতে দেখা যায়। এ সময় পাশ দিয়ে দূরপাল্লার বাস চলাচল করছিল। মিছিলে জেলা ছাত্রলীগের সভাপতি তামজীদুল রশিদ চৌধুরী রিয়ানকে নেতৃত্ব দিতে দেখা যায়।

তবে মহাসড়কে ছাত্রলীগের মিছিলের দাবি অস্বীকার করেছে পুলিশ। নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রাসুল সামদানি আজাদ বলেন, তিনি ভিডিওটি দেখেছেন। তবে এটি নগরকান্দা থানার আওতাধীন কোনো মহাসড়কের ঘটনা বলে তাঁর মনে হয়নি। অন্য কোথাও মিছিল করে সেটিকে নগরকান্দার ঘটনা বলে দাবি করা হয়ে থাকতে পারে।

ওসি আরও বলেন, ভোর ৫টা থেকে পুলিশ মহাসড়কে টহল দিচ্ছে। তাঁর নিয়ন্ত্রণাধীন এলাকায় এ ধরনের কোনো মিছিল হয়েছে বলে তিনি জানেন না।

এদিকে সোমবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে ভাঙ্গা পৌর এলাকার নুরপুরে চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের বাড়ির সামনে মশাল মিছিল বের করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন নেতা-কর্মী। এ সময় স্থানীয় বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরা তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

মশাল মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে কয়েকজন তরুণকে মশাল হাতে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। তাঁদের স্লোগানের মধ্যে ছিল, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘জাফরুল্লাহর ভয় নাই, রাজপথ ছাড়ি নাই।’

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখান থেকে তিনজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা সবাই অল্পবয়সী। কারও ইন্ধনে তারা মশাল মিছিল বের করেছিলেন কি না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত