
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে দুই ইউনিয়নের ১৪টি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে পুখুরিয়া বাজারে এ ঘটনা ঘটে।
বেলা ৩টা থেকে ৫টা পর্যন্ত এই সংঘর্ষ চলে। এ সময় আশপাশের হাজারো মানুষ মহাসড়কের দুই পাশে অবস্থান নিয়ে সংঘর্ষে জড়ালে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে তীব্র ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় বাজারের অনেকগুলো দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। উভয় পক্ষে পাল্টাপাল্টি হামলায় ২০ থেকে ৩০ জন আহত হয়েছেন। খবর পয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে শিক্ষাপ্রতিষ্ঠাটির কর্তৃপক্ষের দাবি, দুই মৌজার বাসিন্দাদের পূর্ববিরোধকে কেন্দ্র করে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানকে ভন্ডুল করার লক্ষ্যে পরিকল্পিতভাবে একটি মৌজার ১০ গ্রামের মানুষ হামলা চালায় এবং শিক্ষক ও শিক্ষার্থীদের তিন ঘণ্টাব্যাপী অবরুদ্ধ রাখে।
স্থানীয় বাসিন্দা ও থানা-পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার মানিকদহ ইউনিয়নের চারটি গ্রাম ব্রাহ্মণকান্দা, পুখুরিয়া, মৃধাকান্দা ও নাজিরপুরের সমন্বয়ে একটি মৌজায় (মহল্লা) অবস্থিত ব্রাহ্মণকান্দা আব্দুল শরীফ একাডেমি। শনিবার সকাল থেকে শিক্ষাপ্রতিষ্ঠানটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল আবু জাহের ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সদরুল আলম ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।
এ অনুষ্ঠানে পার্শ্ববর্তী হামিরদি ইউনিয়নের ১০ গ্রাম নিয়ে গঠিত মহেশ্বরদি মৌজার গণ্যমান্য ব্যক্তিকে দাওয়াত দেওয়া হয়নি। এতে মহেশ্বরদি মৌজার শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভে সৃষ্টি হয়। এ নিয়ে উত্তেজনার একপর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে তামিম (১৫) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর করা হয়। এ খবর তামিমের এলাকা মানিকদাহ ইউনিয়নের চারটি গ্রামের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়লে শত শত মানুষ অস্ত্রশস্ত্র নিয়ে মহাসড়কে নেমে আসে। পাল্টা জবাবে মহেশ্বরদি মৌজার ১০ গ্রামের হাজার হাজার মানুষও অস্ত্রশস্ত্র নিয়ে মহাসড়কের অপর পাশে অবস্থান নেয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়।
ব্রাহ্মণকান্দা আব্দুল শরীফ একাডেমির প্রধান শিক্ষক মো. এনামুল কবির আজকের পত্রিকাকে বলেন, ‘দুই মৌজার ১৪ গ্রামের বাসিন্দাদের মধ্যে পূর্ব থেকে বিরোধ রয়েছে। সেই বিরোধকে কেন্দ্র করে পূর্বপরিকল্পিতভাবে অনুষ্ঠানকে ভন্ডুল করার জন্যই মহেশ্বরদি মৌজার লোকজন একপাক্ষিকভাবে হামলা চালিয়েছে।’

এনামুল কবির বলেন, ‘তারা প্রথমে গেটের বাইরে গন্ডগোল করে। এ সময় গেট বন্ধ করে শিক্ষার্থীদের ভেতরে নিয়ে আসি এবং অনুষ্ঠান স্থগিত করে ভেতরে অবস্থান করি। কিছু সময়ের মধ্যেই মহেশ্বরদি মৌজার হাজার হাজার মানুষ ঢাল-সরকি নিয়ে এসে আমাদের অবরুদ্ধ করে ফেলে। প্রায় তিন ঘণ্টা অবরুদ্ধ অবস্থায় থাকি। পরে ইউএনও এবং ওসিকে জানালে তাঁরা এসে আমাকে উদ্ধার করেন। জোবায়ের নামের এক ব্যক্তি এ ঘটনায় নেতৃত্ব দিয়েছেন বলে জেনেছি।’
প্রধান শিক্ষকের দাবি, ‘এ ঘটনায় চার গ্রামের মৌজার মানুষ সংঘর্ষে জড়ায়নি। তারা সংঘর্ষে জড়ালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে যেত। এই সুযোগে মহেশ্বরদি মৌজার লোকজন পুখুরিয়া বাজারে অসংখ্য ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে লুটপাট করে বিপুল ক্ষতিসাধন করেছে।’
সংঘর্ষের কারণে মহাসড়কে আটকে পড়া যাত্রীরা তীব্র ভোগান্তিতে পড়েন। ফরিদপুর শহর থেকে অসুস্থ বৃদ্ধ বাবাকে চিকিৎসক দেখিয়ে ফিরছিলেন মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কৃষ্ণপুর গ্রামের মাহাবুব রহমান। তিনি বলেন, ‘বিকেল ৪টা থেকে পৌনে ৬টা পর্যন্ত সংঘর্ষস্থল থেকে ৪ কিলোমিটার দূরে আমাদের বাসটি আটকে যায়। আমাদের মতো হাজার হাজার মানুষ দীর্ঘক্ষণ যানজটে পড়নে। আমার অসুস্থ বাবাকে নিয়ে খুব ভয়ে ছিলাম। পুলিশও দূরে এসে দাঁড়িয়ে ছিল। একপর্যায়ে সন্ধ্যার আগ মুহূর্তে গাড়ি চলাচল শুরু করে।’
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলিম বলেন, ‘ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান থেকে সূত্রপাত হয়ে দুই পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। অনেক চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এলাকাটিতে পুলিশ মোতায়েন করা হয়। এ ছাড়া অবরুদ্ধ শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্ধার করে পুলিশ তাঁদের গন্তব্য স্থানে পৌঁছাতে সহায়তা করে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৪ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৪ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৫ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগে