Ajker Patrika

বিশ্ব ডায়াবেটিস দিবস কাল: গ্রামেও বাড়ছে রোগী, চিকিৎসার ব্যয়ে বিপাকে দরিদ্ররা

মো. মাহমুদুল হক মানিক, বিরামপুর (দিনাজপুর)
বিশ্ব ডায়াবেটিস দিবস কাল: গ্রামেও বাড়ছে রোগী, চিকিৎসার ব্যয়ে বিপাকে দরিদ্ররা
‘ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে আগাম পদক্ষেপ’ প্রতিপাদ্যে দিবসটি পালিত হবে আগামীকাল। ছবি: সংগৃহীত

দিনাজপুরের দক্ষিণ-পূর্বাঞ্চলের বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলায় দিন দিন বাড়ছে ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা। চিকিৎসকদের দেওয়া তথ্যমতে, আক্রান্তদের মধ্যে নারীর সংখ্যা বেশি। বাদ পড়ছে না শিশু ও তরুণেরাও। অন্যদিকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত ওষুধ সেবন ও চিকিৎসা চালিয়ে যেতে গিয়ে বাড়তি আর্থিক চাপের মুখে পড়ছেন রোগীরা। ওষুধের উচ্চমূল্যের কারণে অনেকেই নিয়মিত চিকিৎসা নিতে পারছেন না। ফলে দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন তাঁরা।

১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। ‘ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে আগাম পদক্ষেপ’ প্রতিপাদ্যে দিবসটি পালিত হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, বিরামপুর উপজেলায় বারডেম পরিচালিত বিরামপুর ডায়াবেটিক সমিতি ও হাসপাতালের পাশাপাশি বেসরকারিভাবে ডায়াবেটিস চিকিৎসাসেবা দিচ্ছে ডায়াবেটিক অ্যান্ড হেলথ কেয়ার সেন্টার, পপুলার ডায়াবেটিক সেন্টার অ্যান্ড জেনারেল হাসপাতাল এবং আইডিয়াল ডায়াবেটিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।

ডায়াবেটিক অ্যান্ড হেলথ কেয়ার সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার আতিয়ার রহমান জানান, তাঁদের প্রতিষ্ঠানে প্রায় ১১ হাজার নিবন্ধিত ডায়াবেটিস রোগী রয়েছেন। তাঁদের অধিকাংশই নারী। ডায়াবেটিসের চিকিৎসা চালিয়ে যাওয়া ব্যয়বহুল হওয়ায় নিম্নমধ্যবিত্ত পরিবারের রোগীরা হিমশিম খাচ্ছেন। অনেকে দীর্ঘ সময় ধরে ওষুধ সেবন থেকেও বিরত থাকছেন।

বিরামপুর ডায়াবেটিক সমিতি ও হাসপাতালের চিকিৎসক মাইদুল ইসলাম বলেন, তাঁদের সমিতির আওতায় প্রায় ছয় হাজার নিবন্ধিত রোগী রয়েছেন। তাঁদের মধ্যে ৬০ শতাংশ নারী ও ৪০ শতাংশ পুরুষ। এ ছাড়া শিশু ও তরুণেরাও ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন। অনিয়মিত জীবনযাপন, খাদ্যাভ্যাস ও শারীরিক পরিশ্রমের অভাবে এ রোগীর সংখ্যা বাড়ছে। তবে ডায়াবেটিস নিয়ন্ত্রণযোগ্য রোগ। এ জন্য প্রত্যেক ব্যক্তির প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটা প্রয়োজন।

দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে আক্রান্ত অবসরপ্রাপ্ত চাকরিজীবী মতিয়ার রহমান বলেন, ‘প্রায় ৩০ বছর ধরে আমার ডায়াবেটিস। প্রতি মাসে ওষুধ কিনতে প্রায় ৩ হাজার টাকা খরচ হয়। সংসারের অন্যান্য ব্যয়ের পাশাপাশি এই খরচ বহন করা আমার জন্য বাড়তি চাপ। এর মধ্যে ওষুধের দামও ক্রমাগত বাড়ছে।’

বিরামপুর পৌর শহরের বাসিন্দা রেজাউল ইসলাম বলেন, ‘১০ বছর ধরে ডায়াবেটিসে আক্রান্ত। প্রতি মাসে প্রায় ২ হাজার ৫০০ টাকার ওষুধ কিনতে হয়। সংসারের খরচ মেটানোর পর ওষুধ কেনা বেশ কষ্টসাধ্য হয়ে পড়েছে। তার ওপর প্রতিনিয়ত ওষুধের দাম বাড়ছে।’

রাইয়ান হেলথ কেয়ার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের পুষ্টিবিদ লিনা আক্তার বলেন, বর্তমানে তরুণ-তরুণীরাও আশঙ্কাজনক হারে ডায়াবেটিস ও প্রি-ডায়াবেটিসের ঝুঁকিতে রয়েছেন। এ রোগ শুধু স্বাস্থ্যের ক্ষতিই করছে না, মৃত্যুঝুঁকিও বাড়াচ্ছে। অতিরিক্ত শর্করাজাতীয় খাবার গ্রহণ স্থূলতা বাড়ায়, যা ডায়াবেটিসের ঝুঁকি তৈরি করে। শিশু-কিশোরদের খেলাধুলার প্রবণতা কমে যাওয়া, ডিজিটাল ডিভাইসে আসক্তি, অপর্যাপ্ত ঘুম, স্থূলতা ও হরমোনজনিত সমস্যার কারণেও এ রোগের ঝুঁকি বাড়ছে।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কুমার সেন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০৪ নম্বর কক্ষে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির (এনসিডি) আওতায় ডায়াবেটিস রোগীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হচ্ছে। হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন ৬০ থেকে ৭০ জন রোগীকে এ সেবা দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত