পাওনা টাকা চাইতে গিয়ে মারধরে প্রাণ গেল মুদিদোকানির, আটক ১

দিনাজপুরের ফুলবাড়ীতে দোকানের বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে মারধরে জাকিরুল ইসলাম (৪৫) নামে এক মুদি দোকানির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাত ৯টার দিকে উপজেলার ১ নম্বর এলুয়াড়ী ইউনিয়নের পুটকিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। পুলিশ মাহাবুর (২১) নামে একজনকে আটক করেছে।
নিহত জাকিরুল ইসলাম পুটকিয়া গ্রামের মৃত আফতাবুজ্জামানের দ্বিতীয় ছেলে। বাড়ির সামনে তিনি একটি মুদি দোকান পরিচালনা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার রাত ৯টার দিকে দোকানের বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে জাকিরুল ইসলামের সঙ্গে প্রতিবেশী আব্দুল মাবুদ, মাহফুজুল ও মাহাবুরের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। মারধরে গুরুতর আহত জাকিরুলকে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকাবাসীর সহযোগিতায় মাহাবুরকে আটক করে ফুলবাড়ী থানা-পুলিশ। অন্যরা পালিয়ে যান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
আজ সোমবার সকালে নিহতের স্ত্রী রোজিনা বেগম বাদী হয়ে চারজনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় হত্যা মামলা করেন।
রোজিনা বেগম স্বামী হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন।
এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা নবীউল ইসলাম বলেন, ঘটনার তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মাহাবুর নামে একজনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।









