Ajker Patrika

মধ্যপাড়া কঠিন শিলাখনিতে পাথর উত্তোলনে রেকর্ড

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ২০: ৪৭
মধ্যপাড়া কঠিন শিলাখনিতে পাথর উত্তোলনে রেকর্ড
পার্বতীপুরের মধ্যপাড়া পাথরখনিতে উত্তোলন করা পাথর। ছবি: আজকের পত্রিকা

দেশের একমাত্র ভূগর্ভস্থ উৎপাদনশীল পাথরের খনি দিনাজপুরের পার্বতীপুরের মধ্যপাড়া পাথরখনিতে পাথর উত্তোলনে নতুন রেকর্ড সৃষ্টি করেছে খনি পরিচালনার দায়িত্বে থাকা জার্মানিয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)। গত অক্টোবর মাসে দেড় লাখ টনের বেশি পাথর উত্তোলন করে আগের সব মাসিক রেকর্ড ছাড়িয়ে গেছে প্রতিষ্ঠানটি।

জানা গেছে, জিটিসির সঙ্গে দ্বিতীয় দফায় চুক্তির পর থেকেই পাথর উত্তোলনে ধারাবাহিক অগ্রগতি হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত অক্টোবর মাসে ছুটির দিন বাদে ১ লাখ ৫০ হাজার টনের বেশি পাথর উত্তোলন করা হয়েছে। দৈনিক গড় উৎপাদন ছিল প্রায় ৬ হাজার টন।

খনিসংশ্লিষ্টরা জানান, জিটিসির বিদেশি খনি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে আধুনিক প্রযুক্তি ও পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন কার্যক্রম পরিচালিত হচ্ছে। উৎপাদনের এ ধারাবাহিকতা দেশের অবকাঠামো উন্নয়নে স্থানীয়ভাবে পাথরের সরবরাহ বাড়ানোর পাশাপাশি আমদানিনির্ভরতা কমাতে ভূমিকা রাখবে।

১৯৭৩-৭৪ সালে মধ্যপাড়া কঠিন শিলাখনি আবিষ্কৃত হয়। ১৯৯৪ সালের ২০ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে ২০০৭ সালের ২৫ মে খনিটি থেকে বাণিজ্যিকভাবে পাথর উত্তোলন শুরু হয়। শুরুতে দৈনিক মাত্র ৪০০ থেকে ৫০০ টন পাথর উত্তোলন করা হলেও বর্তমানে জিটিসির ব্যবস্থাপনায় উৎপাদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

খনি সূত্র জানায়, পাথর উত্তোলনে ধারাবাহিক রেকর্ডের ফলে সরকারের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে। বর্তমানে খনির বেশ কয়েকটি ইয়ার্ডে বিভিন্ন আকারের প্রায় ১৫ লাখ ৩০ হাজার টন পাথর মজুত রয়েছে।

খনির উন্নয়ন ও উৎপাদনের এ ধারা অব্যাহত রাখতে সরকার এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা পেলে জিটিসির মাধ্যমে মধ্যপাড়া শিলাখনি দেশের অর্থনৈতিক উন্নয়নে একটি মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে মনে করছেন খনিশ্রমিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এ বিষয়ে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ডি এম জোবায়েদ হোসেন বলেন, আমদানি করা পাথরের সঙ্গে সমন্বয় করে খনির উৎপাদিত পাথরের দাম কমানো হয়েছে। জিটিসির পাথর উৎপাদনে নতুন মাইলফলক সৃষ্টি হয়েছে। বর্তমানে খনিতে পাথর বিক্রিও বেড়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত