
মধ্যরাতে থানায় অভিযোগ দিতে গিয়েছিলেন বোচাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আফসার আলী। কিন্তু সেখানে আগে থেকে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তিনি। মৌখিকভাবে পদত্যাগ করার ঘোষণা দেন। এরপর শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় তাঁকে সেখানেই গ্রেপ্তার করা হয়।
গতকাল শুক্রবার রাতে দিনাজপুরের বোচাগঞ্জ থানা চত্বরে এ ঘটনা ঘটে। গতকাল দিবাগত রাত সোয়া ১২টায় দিনাজপুরের বোচাগঞ্জ থানায় ছাত্র–জনতার পক্ষ থেকে ফয়সাল মোস্তাক (২৭) বাদী হয়ে ওই মামলা করেন। মামলায় শিক্ষার্থীদের ওপর হামলার হুকুমদাতা হিসেবে মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি উপজেলা চেয়ারম্যান আফসার।
এ মামলায় দিনাজপুরের বিরল-বোচাগঞ্জ আসনের সাবেক এমপি ও সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীসহ ২৪ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ নিয়ে থানায় মামলা করতে গিয়েছিলেন উপজেলা চেয়ারম্যান। থানায় আগে থেকেই উপস্থিত ছিল বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল। উপজেলা চেয়ারম্যানকে দেখে তাঁরা উত্তেজিত হয়ে পড়েন। এ সময় শিক্ষার্থীদের হুমকি দেন তিনি। খবর পেয়ে কয়েক শ শিক্ষার্থী জড়ো হয়ে চেয়ারম্যানকে ঘিরে ধরে। শিক্ষার্থী ও স্থানীয় জনগণের তোপের মুখে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের মৌখিক ঘোষণা দেন আফসার। পরে শিক্ষার্থীদের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
বোচাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আফসার আলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদেও রয়েছে। এবারই প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ৫ আগস্ট সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন।
চেয়ারম্যানের নামে করা ওই মামলার বাদী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফয়সাল মোস্তাক। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সেতাবগঞ্জ সরকারি কলেজ থেকে শিক্ষার্থীরা একটি শান্তিপূর্ণ মিছিল বের করে। এ সময় সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও উপজেলা চেয়ারম্যান আফসার আলীর নির্দেশে ছাত্রলীগের কিছু নেতা–কর্মী মিছিলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। মারধর করে, গুম করে ফেলার হুমকি দেয় এবং মেয়েদের শ্লীলতাহানি করে। তাদের ভয়ে আহত শিক্ষার্থীরা এলাকার কোনো চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা নিতে পারেননি।
এ মামলায় সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী ও দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী, মন্ত্রীর ব্যক্তিগত সচিব আব্দুল বাশারসহ ২৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৭০–৭৫ জনকে আসামি করা হয়েছে।
গতকাল রাতের ঘটনার বর্ণনায় মামলার বাদী ফয়সাল মোস্তাক বলেন, ‘আমরা থানায় ওসির সঙ্গে দেখা করতে যাই। এ সময় খবর পাই উপজেলা চেয়ারম্যান সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করতে থানায় আসছেন। পরে আমরা তাঁকে জিজ্ঞাসা করলে তিনি আমাদের সঙ্গে খারাপ আচরণ করেন। এ সময় তিনি আমাদের হুমকি–ধমকিও দেন। পরে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমি একটি মামলা করি। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।’
এ বিষয়ে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক মোহাম্মদ রাসেল আজকের পত্রিকাকে বলেন, উপজেলা চেয়ারম্যান থানায় এসেছিলেন। এ সময় থানায় আগে থেকেই উপস্থিত থাকা শিক্ষার্থীদের সঙ্গে চেয়ারম্যানের কথা-কাটাকাটি হয়। পরে শিক্ষার্থীদের তোপের মুখে তিনি মৌখিকভাবে পদত্যাগ করেন। শিক্ষার্থীদের করা একটি মামলায় চেয়ারম্যানকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বগুড়ায় চালু করা হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) মহিলা বাস সার্ভিস। তবে চালুর এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও প্রত্যাশিত যাত্রী পাচ্ছে না বাস দুটি। দিনের বেশির ভাগ সময়ই ৪৫ আসনের বাসে অল্পসংখ্যক যাত্রী দেখা যায়।
৫ ঘণ্টা আগে
সাগরে বড় জাহাজ থেকে তেল খালাস করে সরাসরি ডিপোতে আনার জন্য নির্মাণ করা হয় সিঙ্গেল পয়েন্ট মুরিং উইথ ডাবল পাইপলাইন (এসপিএম)। কক্সবাজারের মহেশখালী থেকে বঙ্গোপসাগরের তলদেশ দিয়ে চট্টগ্রামের পতেঙ্গা ডিপো পর্যন্ত টানা হয়েছে ১১০ কিলোমিটার লম্বা এই পাইপলাইন। এই প্রকল্পে ব্যয় করা হয় ৮ হাজার ২৯৮ কোটি টাকা।
৬ ঘণ্টা আগে
জনবসতিহীন এলাকায় একটি পরিত্যক্ত মুরগির খামার। সেখানে প্রতিদিন জড়ো হচ্ছে শিশু-কিশোর, প্রাপ্তবয়স্করা। টাকার বিনিময়ে বিভিন্ন বয়সী মানুষের কাছ থেকে নেওয়া হয় পাসপোর্টের ছবি, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ও ফেস ভেরিফিকেশন। দিনশেষে এসব তথ্য পাচার হয় বিদেশে।
৬ ঘণ্টা আগে
বর্ষা মৌসুম শেষ হয়েছে দেড় মাস আগে। কিন্তু সেই বর্ষার পানি নিষ্কাশন হতে না পারায় শরতের শেষ সময়ে এসেও যশোরের দুঃখখ্যাত ভবদহ অঞ্চলের অন্তত ২০০ গ্রাম জলাবদ্ধ রয়েছে। বর্ষকাল থেকে শুরু করে তিন মাস ধরে এসব গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী জীবনযাপন করছে।
৭ ঘণ্টা আগে