স্বাধীনতার পর প্রথম: হিলি স্টেশনে থামল ঢাকাগামী আন্তনগর ট্রেন

দীর্ঘ প্রতীক্ষার অবসান। স্বাধীনতার পর প্রথমবারের মতো দিনাজপুরের হিলি রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি শুরু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৮টায় চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেসের যাত্রাবিরতির মধ্য দিয়ে এ কার্যক্রম চালু হয়।
হিলি রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, যাত্রীদের দীর্ঘদিনের দাবি ও রাজস্ব আয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে গত ২৮ অক্টোবর স্টেশনটিতে নীলসাগর এক্সপ্রেস ও চিলাহাটি এক্সপ্রেসের যাত্রাবিরতির অনুমোদন দেওয়া হয়। আজ থেকে ট্রেন দুটির আনুষ্ঠানিক যাত্রাবিরতি শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান, ব্রিটিশ আমলে নির্মিত গুরুত্বপূর্ণ এ রেলস্টেশনে স্বাধীনতার পর থেকে ঢাকাগামী কোনো আন্তনগর ট্রেন থামত না। ফলে হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট ব্যবহারকারী যাত্রী, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে ট্রেন ধরতে যেতে হতো পাশের বিরামপুর অথবা জয়পুরহাটের পাঁচবিবি স্টেশনে। এতে সময় ও অর্থ দুটোই ব্যয় হতো, পোহাতে হতো ভোগান্তি।

নতুন এ যাত্রাবিরতির ফলে ঢাকার সঙ্গে হিলির সরাসরি রেল যোগাযোগ চালু হলো। সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, এর ফলে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য, ইমিগ্রেশন কার্যক্রম ও স্থানীয় অর্থনীতিতে গতি আসবে।










