
দিনাজপুরের খানসামা উপজেলায় মাতৃত্বকালীন ভাতার তালিকায় নাম উঠেছে এক অবিবাহিত তরুণীর। অথচ ওই তরুণী নিজেই জানেন না, তাঁর নামে এমন ভাতা চালু রয়েছে। এদিকে সেই ভাতার টাকা যায় সংরক্ষিত এক নারী সদস্যের জামাতার মোবাইল নম্বরে।
অনুসন্ধানে এমনই অভিযোগ উঠেছে উপজেলার আংগারপাড়া ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের নারী ইউপি সদস্যা মোছা. নুরনাহার বেগমের বিরুদ্ধে। অভিযোগ, তাঁর সুপারিশে ভুয়া তথ্য ব্যবহার করে এক অবিবাহিত তরুণীকে গর্ভবতী দেখিয়ে ভাতার আবেদন করা হয়। এরপর তাঁর জামাতার মোবাইল নম্বর ব্যবহার করে সেই ভাতার টাকা আত্মসাৎ করা হয়। বিষয়টি উপজেলা মহিলাবিষয়ক কার্যালয়ের সাম্প্রতিক যাচাই-বাছাইয়ে ধরা পড়ে।
জানা গেছে, আংগারপাড়া ইউনিয়নের তালেব মেম্বারপাড়া গ্রামের মৃত আব্দুল ওহাবের মেয়ে আক্তারিনা আক্তার বাবা-মাহারা। পড়াশোনার পাশাপাশি তিনি এক প্রতিবন্ধী ভাইয়ের দেখভাল করেন। ২০২৫-২৬ অর্থবছরের ‘ভি ডব্লিউ বি’ কর্মসূচিতে (বিনা মূল্যে প্রতি মাসে ৩০ কেজি চাল) নাম অন্তর্ভুক্ত করতে আবেদন করার পর তাঁর নামে আগে থেকে মাতৃত্বকালীন ভাতা চালু থাকার বিষয়টি প্রকাশ পায়। মাতৃত্বকালীন ভাতার আওতায় একজন প্রসূতি মা প্রতি মাসে ৮০৫ টাকা হারে তিন বছর ভাতা পেয়ে থাকেন।
অনুসন্ধানে আরও জানা গেছে, ২০২৪ সালের অক্টোবর মাসে ওই নারীর ভাতার আবেদন করা হয়। সেখানে স্বামীর নাম দেওয়া হয় ‘পায়েল’ এবং সংযুক্ত করা হয় একটি গর্ভাবস্থার সনদপত্র। অথচ বাস্তবে তাঁর কোনো বৈবাহিক সম্পর্ক বা মাতৃত্বের সত্যতা পাওয়া যায়নি।
এ ছাড়া ভাতার টাকা উত্তোলনের জন্য ব্যবহৃত মোবাইল নম্বরটিও আক্তারিনার নয়। ওই নম্বরে ফোন দিলে সেটি ইউপি সদস্যা নুরনাহার বেগমের জামাতার বলে জানা যায়। তিনি দাবি করেন, তাঁর স্ত্রীর নামই আক্তারিনা। তবে যাচাই করে দেখা গেছে, তাঁর স্ত্রীর প্রকৃত নাম সুরাইয়া আক্তার, আক্তারিনা নয়।
জানতে চাইলে ভুক্তভোগী আক্তারিনা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘আমি অবিবাহিত। মাতৃত্ব ভাতার বিষয়ে কিছুই জানি না। এর সঙ্গে যারা জড়িত, তাদের কঠোর শাস্তি হওয়া উচিত।’ অভিযুক্ত ইউপি সদস্যা মোছা. নুরনাহার বেগম মোবাইল ফোনে বিষয়টি স্বীকার করে বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। আমার মেয়ে অসহায়, তার বয়স কম হওয়ায় অন্য জনের এনআইডি দিয়ে মাতৃত্ব কার্ড করেছি।’
উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আফসানা মোস্তারি জানান, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। অবিবাহিত ওই তরুণীর নামে হওয়া মাতৃত্ব ভাতা বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো কামরুজ্জামান সরকার বলেন, ‘দায়িত্বশীল একজন জনপ্রতিনিধির কাছ থেকে এমন কাজ অপ্রত্যাশিত। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

রাজধানীর বংশাল এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দর্শন বিভাগের এক শিক্ষিকার ভাড়া বাসায় দিনদুপুরে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বংশাল থানায় অভিযোগ করেছেন ওই শিক্ষিকা। অভিযোগ সূত্রে জানা গেছে, চুরি হওয়া জিনিসের মধ্যে স্বর্ণালংকার ও একটি ল্যাপটপ রয়েছে...
১ ঘণ্টা আগে
অবশেষে সব পরীক্ষা-নিরীক্ষার ধাপ পেরিয়ে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটে জ্বালানি লোডিংয়ের জন্য লাইসেন্স দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন লাইসেন্স অনুমোদনের দায়িত্বে থাকা বাংলাদেশ...
২ ঘণ্টা আগে
হজযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। এ সময় হজ ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত...
২ ঘণ্টা আগে
খুলনার ফুলতলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। একই ঘটনায় অপর এক কিশোর গুরুতর জখম হয়েছে। আহত কিশোরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত কিশোর হলো ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের বাসিন্দা মোস্তফার ছেলে সাব্বির।
২ ঘণ্টা আগে