ব্যাটারিচালিত রিকশার নতুন নীতিমালার শর্ত ‘জটিল-ব্যয়বহুল’, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ে সরকারের জারি করা নতুন নীতিমালা ও গেজেট বাতিলের দাবি জানিয়েছে ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদ। তাদের দাবি, সরকারের নতুন নীতিমালার শর্ত পূরণ করা বর্তমান পেশাজীবীদের জন্য জটিল ও ব্যয়বহুল। সেজন্য আলোচনা করে সহজ ও বাস্তবসম্মত নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে সংগঠনটি। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা।
বুধবার সকাল ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক মো. মমিন আলী বলেন, সরকারের নতুন নীতিমালা অনুযায়ী ব্যাটারিচালিত রিকশা চালাতে হলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্বীকৃতি, নির্ধারিত প্রতিষ্ঠানের তৈরি নতুন ই-রিকশা এবং সৌরবিদ্যুৎ ব্যবহারসহ বিভিন্ন শর্ত পূরণ করতে হবে। এসব শর্ত বর্তমান পেশাজীবীদের জন্য জটিল ও ব্যয়বহুল।
তিনি বলেন, রাজধানীতে প্রায় পাঁচ লাখ ব্যাটারিচালিত রিকশা চলাচল করছে। এসব রিকশার মালিক ও চালকদের বড় অংশ ঋণ করে এ পেশায় যুক্ত হয়েছেন। হঠাৎ করে রিকশা বন্ধ বা পরিবর্তনের উদ্যোগ নেওয়া হলে তাদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। পাশাপাশি লাখ লাখ মানুষ কর্মহীন হয়ে পড়বেন।
সংগঠনটির দাবি, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় রাজধানীতে ব্যাটারিচালিত রিকশার প্রচলন ও বিস্তার ঘটেছে। রিকশা তৈরির কারখানা বন্ধ না করে ব্যাটারি চার্জের জন্য বিদ্যুৎ সংযোগ দেওয়া এবং নিয়মিত বিল নেওয়া হয়েছে। অথচ এখন হঠাৎ করে নতুন নীতিমালার মাধ্যমে এ পেশাজীবীদের ওপর বাড়তি ব্যয়ের বোঝা চাপানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে ১২ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় আরও দুই লাখ ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স দেওয়া, নতুন গেজেট ও নীতিমালা বাতিল করে গণশুনানির মাধ্যমে নতুন নীতিমালা প্রণয়ন এবং লাইসেন্সের নিবন্ধন ফি ৫০০ টাকা ও বার্ষিক নবায়ন ফি ২০০ টাকা নির্ধারণ।
এ ছাড়া পর্যাপ্ত সৌরবিদ্যুৎ সহজলভ্য না হওয়া পর্যন্ত ব্যাটারিচালিত রিকশার গ্যারেজে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, সৌরবিদ্যুৎ ব্যবহারের জন্য সহজ শর্তে দীর্ঘমেয়াদি সরকারি ব্যাংকঋণ, চালকদের প্রশিক্ষণ দিয়ে স্বল্প ব্যয়ে লাইসেন্স প্রদান এবং মালিকদের গ্যারেজের জন্য সহজ শর্তে ট্রেড লাইসেন্স দেওয়ার দাবি জানানো হয়।
তাদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে— রিকশা চলাচলের জন্য সড়কের পাশে আলাদা লেন নির্মাণ, সিটি করপোরেশনের অব্যবহৃত জায়গায় রিকশার স্ট্যান্ড তৈরি, ঢাকার বাইরে থেকে আসা রিকশার প্রবেশ নিয়ন্ত্রণ এবং ট্রাফিক আইন ভঙ্গের ক্ষেত্রে চালককে রসিদের মাধ্যমে সর্বোচ্চ ১০০ টাকা জরিমানা করা। চালকের অপরাধে মালিকের রিকশা ডাম্পিং বন্ধেরও দাবি জানানো হয়।
লিখিত বক্তব্যে মমিন আলী বলেন, তাঁরা সরকারকে সহযোগিতা করতে চান এবং রাজধানীকে যানজটমুক্ত ও সুশৃঙ্খল রাখতে চান। তবে পেশাজীবীদের সঙ্গে আলোচনা না করে কোনো নীতিমালা চাপিয়ে দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না। অবিলম্বে বর্তমান গেজেট প্রত্যাহার করে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে নতুন নীতিমালা প্রণয়নের আহ্বান জানান তিনি।









