Ajker Patrika

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি চায় ডুজা

ঢাবি প্রতিনিধি
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি চায় ডুজা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)। একই সঙ্গে ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপদ ও নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

আজ সোমবার ডুজার সভাপতি মো. মানজুর হোছাঈন মাহি ও সাধারণ সম্পাদক লিটন ইসলাম এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, রোববার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে ছাত্রদলের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করেন। এ সময় সংবাদ সংগ্রহের দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় রামদা, চাপাতি, হকিস্টিক, রড, পাইপ ও বেসবল ব্যাটসহ বিভিন্ন অস্ত্র ব্যবহারের অভিযোগ উঠেছে।

হামলায় সাংবাদিকদের লাঠি দিয়ে মারধর, মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা এবং পরে ঘটনাস্থলে আসা অন্য সাংবাদিকদেরও মারধরের অভিযোগ রয়েছে। এতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আরিফ উজ জামান কোরবান, দৈনিক আগামীর সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের নূর আহসান মৃদুল ও দৈনিক সমকালের মাঈনুল ইসলাম রাজুসহ অন্তত ১০ জন আহত হন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে হামলায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি এম আহসান হাবীব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, সহসভাপতি শরিফুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক শাহরিয়ার আলম ও ছাত্রদল কর্মী বিশাল চক্রবর্তীসহ অন্তত ১০ জনের অংশ নেওয়ার কথা বলা হয়েছে।

ডুজা নেতারা বলেন, সাংবাদিকদের ওপর হামলার দ্রুত বিচার ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। এ ধরনের ঘটনার বিচার না হলে রাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব পালন নিয়েও প্রশ্ন ওঠে।

বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার প্রসঙ্গও তুলে ধরা হয়। এতে বলা হয়, চলতি বছরের ২৩ এপ্রিল শাহবাগ থানার ভেতরে পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অন্তত ১০ সদস্য ছাত্রদলের হামলার শিকার হন। ওই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করলেও পাঁচ মাসের বেশি সময় পেরিয়ে গেলেও প্রতিবেদন জমা হয়নি এবং দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পাশাপাশি শাহবাগ থানা-পুলিশও ওই ঘটনায় মামলা গ্রহণ করেনি বলে দাবি করা হয়।

ডুজা নেতারা বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিচারহীনতা ও দীর্ঘসূত্রতা ভবিষ্যতে হামলা, ভয়ভীতি এবং পেশাগত দায়িত্ব পালনে বাধার পুনরাবৃত্তির ঝুঁকি বাড়ায়। এ ধরনের ঘটনায় সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায় এড়াতে পারে না।

তাঁরা আরও বলেন, জুলাইয়ের পর মুক্ত, স্বাধীন ও গণতান্ত্রিক নতুন বাংলাদেশের যে প্রত্যাশা তৈরি হয়েছে, সাংবাদিকদের ওপর হামলার বিচার না হওয়া এবং হামলাকারীদের জবাবদিহির আওতায় আনতে ব্যর্থতা সেই প্রত্যাশাকে ক্ষতিগ্রস্ত করছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ক্যাম্পাসে সংঘর্ষের মধ্যে সাংবাদিকদের ওপর হামলা, পেশাগত দায়িত্ব পালনে বাধা ও হুমকির অভিযোগও সামনে আসছে।

এ অবস্থায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে ডুজা। পাশাপাশি দেশের সব ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপদে ও নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত