
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাজাপ্রাপ্ত ও টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশের স্ত্রী চুমকি কারণকে জামিন দেওয়া হয়েছে। আজ রোববার হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ জামিনের এ আদেশ দেন। জামিনের শুনানি করেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান।
এ মামলাটি ২০২২ সালের ৭ সেপ্টেম্বর হাইকোর্ট আপিল শুনানির জন্য গ্রহণ করেছিলেন।
২০২০ সালের ৩১ জুলাই টেকনাফের বাহারছড়া তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান। এ হত্যা মামলায় ২০২২ সালের ৩১ জানুয়ারি প্রদীপসহ দুজনের মৃত্যুদণ্ড ও ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়। এর মধ্যে ২০২০ সালের ২৩ আগস্ট দুদকের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগে প্রদীপ ও চুমকির বিরুদ্ধে মামলা করেন।
মামলায় প্রদীপ ও চুমকির বিরুদ্ধে তিন কোটি ৯৫ লাখ পাঁচ হাজার ৬৩৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও অর্থপাচারের অভিযোগ আনা হয়। তদন্তের পর টাকার অঙ্কে কিছু পরিবর্তন আনা হয়। ২০২১ সালের ২৮ জুলাই দুদকের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন অভিযোগপত্র দাখিল করেন। ২০২১ সালের ১ সেপ্টেম্বর আসামি প্রদীপের উপস্থিতিতে অভিযোগপত্রের শুনানি হয়। শুনানি শেষে আদালত অভিযোগপত্র গ্রহণ করেন।
সম্পদ বিবরণীতে ৪৯ লাখ ৫৮ হাজার ৯৫৭ টাকা সম্পদের তথ্য গোপন করে মিথ্যা তথ্য দেওয়া এবং দুই কোটি ৩৫ লাখ ৯৮ হাজার ৪১৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও হস্তান্তরের অভিযোগ আনা হয়।
মামলার শুরু থেকে চুমকি কারণ পলাতক থাকলেও ২০২২ সালের ২৩ মে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণের শেষ দিন তিনি আদালতে আত্মসমর্পণ করেন। সেই থেকে তিনি কারাবন্দী।
২০২২ সালের ২৭ জুলাই এ মামলায় ওসি প্রদীপ কুমার দাশকে ২০ বছর ও তার স্ত্রী চুমকি কারণকে ২১ বছর কারাদণ্ড দেন চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদ।
দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬ (২) ধারায় চুমকিকে এক বছর কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাস কারাদণ্ড, ২৭ (১) ধারায় প্রদীপ ও চুমকিকে আট বছর কারাদণ্ড, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪ (২) ও ৪ (৩) ধারায় প্রদীপ ও চুমকিকে ১০ বছর কারাদণ্ড ও চার কোটি টাকা জরিমানা, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় প্রদীপ ও চুমকিকে দুই বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাস কারাদণ্ড দেন আদালত। প্রত্যেক কারাদণ্ড একসঙ্গে চলছে।
পরে চুমকি হাইকোর্ট আপিল করেন। সেই আপিল বিচারাধীন থাকা অবস্থায় তিনি জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আজ রোববার তার জামিন মঞ্জুর করেন হাইকোর্ট।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে