Ajker Patrika

শাহ আলী থানায় নতুন ওসি, আরও ৪ পরিদর্শককে বদলি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ২৬
শাহ আলী থানায় নতুন ওসি, আরও ৪ পরিদর্শককে বদলি

রাজধানীর শাহ আলী থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে মো. রাজীব হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন।

গতকাল রোববার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরের এক অফিস আদেশে তাঁকে শাহ আলী থানার ওসি হিসেবে পদায়ন করা হয়। একই আদেশে আরও চার পরিদর্শককে বিভিন্ন পদে বদলি করা হয়েছে।

আদেশ অনুযায়ী, ডিএমপির পরিদর্শক (লাইনওআর) মোহাম্মদ আল-আমিনকে ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক (অপারেশনস), ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক (অপারেশনস) সুব্রত দেবনাথকে উত্তরখান থানায়, মুগদা থানার পরিদর্শক (তদন্ত) শিশির কুমার কর্মকারকে সূত্রাপুর থানায় ও ডিএমপির পরিদর্শক (লাইনওআর) মমিনুল ইসলামকে মুগদা থানার পরিদর্শক (তদন্ত) করা হয়েছে।

এর আগে মিরপুর ১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় শাহ আলী থানার তৎকালীন ওসিকে প্রত্যাহার করা হয়।

গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে মুখোশ ও লাল ফিতা কপালে পরে ২০০ থেকে ২৫০ ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ঢুকে দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করেন। পরে তাঁরা স্বাস্থ্যকেন্দ্রের মূল্যবান যন্ত্রপাতি, ওষুধ, টিকা, নগদ টাকা ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যান। একপর্যায়ে ভারী যন্ত্রপাতি দিয়ে একটি পাকা ও তিনটি আধা পাকা ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। স্বাস্থ্যকেন্দ্রটির ওই ভবনে ১৫টি কক্ষে মা ও শিশুদের স্বাস্থ্যসেবা দেওয়া হতো।

ঘটনার সময় পুলিশকে খবর দেওয়া হলেও পুলিশ ঘটনাস্থলে গিয়েও স্বাস্থ্যকেন্দ্রটি রক্ষা করতে পারেনি বলে অভিযোগ করেন ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা। পুলিশের গাফিলতির অভিযোগ খতিয়ে দেখতে দারুস সালাম অঞ্চলের অতিরিক্ত উপকমিশনারকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। পরে ডিএমপি পুলিশ কমিশনার ওই গাফিলতির কারণে তদন্তের প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানান। কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে শাহ আলী থানার সে সময়ের ওসি জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত