Ajker Patrika

কোরবানির বর্জ্য ৮ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে: ডিএসসিসি প্রশাসক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
কোরবানির বর্জ্য ৮ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে: ডিএসসিসি প্রশাসক
আজ জাতীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম। ছবি: আজকের পত্রিকা

ঈদের দিন দুপুরের পর থেকে পরবর্তী আট ঘণ্টার মধ্যে কোরবানির সব বর্জ্য অপসারণ করার কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। আজ সোমবার জাতীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এ ছাড়া সংবাদ সম্মেলনে তিনি ঈদের প্রধান জামাতের প্রস্তুতি নিয়ে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন।

দুপুরে জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে মো. আবদুস সালাম বলেন, ডিএসসিসি নগরবাসীকে একটি পরিচ্ছন্ন ও আনন্দময় ঈদ উপহার দিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে।

বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে ডিএসসিসি প্রশাসক বলেন, কোরবানির বর্জ্য দ্রুত অপসারণের লক্ষ্যে ডিএসসিসি একটি সুসংগঠিত কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। ঈদের দিন বেলা ১টা ৩০ মিনিটে কলাবাগান এসটিএস থেকে আনুষ্ঠানিকভাবে মাতুয়াইল ল্যান্ডফিলে বর্জ্য পরিবহন শুরু হবে। লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে—প্রথম দিনের বর্জ্য পরবর্তী আট ঘণ্টার মধ্যে অর্থাৎ রাত ৯টা ৩০ মিনিটের মধ্যে অপসারণ করা হবে।

সিটি করপোরেশন জানিয়েছে, এ বছর তিন দিনে ঢাকা দক্ষিণে মোট ৩৩ হাজার ৯৪২ টন বর্জ্য অপসারণ করা হবে বলে ধারণা করা হচ্ছে। এতে ১৩ হাজার ৪৫৩ জন জনবল এবং ২ হাজার ১১৭টি বিভিন্ন ধরনের যান-যন্ত্রপাতি নিয়োজিত থাকবে বলে জানানো হয়েছে। এ ছাড়া ৭৫টি ওয়ার্ডে ৪৬ টন ব্লিচিং পাউডার, ২১০ গ্যালন স্যাভলন ও ১ লাখ ৪০ হাজার বায়োডিগ্রেডেবল ব্যাগ বিতরণ করা হয়েছে।

জাতীয় ঈদগাহের প্রস্তুতি প্রসঙ্গে প্রশাসক জানান, পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানে সকাল ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল থাকলে বিকল্প ব্যবস্থা হিসেবে সকাল ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহে ১২১টি কাতারে প্রায় ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন।

আবদুস সালাম আরও জানান, নারীদের জন্য আলাদা প্রবেশপথ, অজুখানা ও নামাজের বিশেষ ব্যবস্থা করা হয়েছে। মুসল্লিদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে পুরো প্যান্ডেলে শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা, পর্যাপ্ত ফ্যান, অজুখানা, বিশুদ্ধ পানি, ভ্রাম্যমাণ টয়লেট ও প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় সম্পন্ন হয়েছে।

এ সময় আবদুস সালাম নগরবাসীকে ডিএসসিসি নির্ধারিত স্থানেই কোরবানি ও পশুর বর্জ্য ব্যাগে ভরে নির্দিষ্ট স্থানে রাখার অনুরোধ জানান। এ ছাড়া কোরবানি-পরবর্তী স্থানটি পানি দিয়ে ধুয়ে জীবাণুনাশক (ব্লিচিং পাউডার/স্যাভলন) ছিটিয়ে দেওয়ার এবং ড্রেন বা নর্দমায় কোনোভাবেই বর্জ্য না ফেলার আহ্বান জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত