Ajker Patrika

গোপন বৈঠক থেকে গ্রেপ্তার: কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাসহ ৮ জন রিমান্ডে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২০: ২৯
গোপন বৈঠক থেকে গ্রেপ্তার: কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাসহ ৮ জন রিমান্ডে
ফাইল ছবি

রাজধানীর উত্তরখান থানা এলাকায় একটি রিকশা গ্যারেজে বৈঠক থেকে গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতাসহ আটজনকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।

যাঁদের রিমান্ডে নেওয়া হয়েছে, তাঁরা হলেন ৪৫ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম ওরফে রায়হান (৩২) এবং যুবলীগের কর্মী মো. রাকিব (২৩), মো. তানভীর খান (২৬), মো. আবদুর রহমান (৪০), মো. সিফাত (২০), মো. মাহফুজুর রহমান (২৪), মো. আশিক মিয়া (২৩) ও মো. বকুল আহমেদ ওরফে রাজু (২৪)।

নাশকতার পরিকল্পনার অভিযোগে করা মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার আটজনকে আজ বিকেলে আদালতে হাজির করে উত্তরখান থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। আসামিপক্ষে আইনজীবী মোস্তাফিজুর রহমান দিপু রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেকের চার দিন রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ এসব তথ্য নিশ্চিত করেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ১২ সেপ্টেম্বর রাতে উত্তরখান এলাকার পুরানপাড়ার একটি অটো গ্যারেজের ভেতরে নিষিদ্ধঘোষিত সংগঠনের কিছুসংখ্যক সদস্য সরকার ও জনসাধারণের শান্তি বিনষ্টসহ নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে উত্তরখান থানা-পুলিশ সেখানে অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জন পালিয়ে যান।

ওই ঘটনায় উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদ হোসেন বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত